ডেঙ্গু ও হাম উপসর্গে শিশুসহ প্রাণগেল আরও ১৫ জনের

প্রবাহ রিপোর্ট : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হাম উপসর্গে শিশুসহ আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে এবং হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ৬জনের।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৫৪ জন। মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১২ দিনে মারা গেছে ৭১ জন। এছাড়া সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯৫৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৩৯৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৬৫ জন। এ পর্যন্ত মোট ৯৭ হাজার ২৯৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৮৪৫ জন। এছাড়া চট্টগ্রামে ৩১৮ জন, খুলনায় ২৩০ জন, বরিশালে ১৯৬ জন, রাজশাহীতে ১৮৪ জন, ময়মনসিংহে ৯৭ জন এবং রংপুরে ৭১ জন রোগী ভর্তি হয়েছেন।
হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু :
দেশে ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭০ জনে। মঙ্গলবার (১৩ অক্টোবরর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৩ জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২১৩ জন রোগী এসেছে।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৩৫৮ জন, রাজশাহীতে ৩৭, সিলেটে ১৪২, চট্টগ্রামে ৩১৩ জন, বরিশালে ১৩২, ময়মনসিংহে ৭২, খুলনায় ১৩৫, এবং রংপুরে ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৭ হাজার ৩৭১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৭১২ জন।



