বিনোদন

জন্মদিনে ভক্তদের জন্য সিনেমার ঘোষণা দিলেন পরীমণি

প্রবাহ রিপোর্ট ঃ জন্মদিনে ভক্তদের কিছু না কিছু নতুন চমক নিয়ে হাজির হন চিত্রনায়িকা পরীমণি। শনিবার (২৪ অক্টোবর) নিজের জন্মদিনে ভক্তদের জন্য তেমনই এক দারুণ সারপ্রাইজ দিলেন তিনি। কাছের বন্ধু, সহকর্মী আর গণমাধ্যমকর্মীদের নিয়ে জমকালো আয়োজনে সেজে উঠেছিল পরীর এবারের জন্মদিনের সন্ধ্যা, যার নামকরণ করা হয়েছিল ‘শিউলি সন্ধ্যা’। অনুষ্ঠানের ঠিক মাঝে হঠাৎ করেই সবাইকে অবাক করে দিয়ে মাইক্রোফোন হাতে নেন পরীমণি। মুচকি হেসে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ওয়েট! আমার মনে হয়, আমি সবার সঙ্গে কথা বলার আগে সবাইকে একটা টপিক দিয়ে দিলে কথা বলতে সুবিধা হবে। জন্মদিনের একটা সারপ্রাইজ আপনাদের জন্য থাকল।’ এরপরই অনুষ্ঠানস্থলের বড় স্ক্রিনে ভেসে ওঠে তার নতুন চলচ্চিত্র ‘ফারজানা’-র অফিসিয়াল ফার্স্ট লুক। আর তা দেখেই আনন্দে ফেটে পড়েন উপস্থিত অতিথিরা। তরুণ নির্মাতা তারেক রহমানের পরিচালনায় আসছে এ নতুন সিনেমাটি। একজন নারীর জীবনসংগ্রাম, মাতৃত্ব এবং পারিপার্শ্বিক কঠিন বাস্তবতার এক অদ্ভুত মেলবন্ধন নিয়ে তৈরি হয়েছে ‘ফারজানা’-র চিত্রনাট্য। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন পরিচালক তারেক রহমান নিজেই। চলচ্চিত্রটি প্রসঙ্গে পরিচালক তারেক রহমান জানান, ‘এটি মূলত একজন নারীর একাকী জীবন সংগ্রামের গল্প। জীবন কখনো কখনো মানুষকে এমন এক পরীক্ষার সামনে দাঁড় করায়, যেখানে প্রতিটি দিনই হয়ে ওঠে নতুন এক লড়াই। আর সেই লড়াইয়ের গল্প যদি হয় একজন নারীকে ঘিরে, তবে তার প্রতিটি অধ্যায়ের আড়ালেই লুকিয়ে থাকতে পারে অজানা কোনো সত্য, না বলা কিছু কথা আর গভীর আবেগের গল্প।’ মূলত এক নারী, তার সন্তান এবং অনিশ্চিত জীবনের নানা টানাপড়েনকে ঘিরেই এগিয়ে যাবে সিনেমাটির গল্প। যেখানে দর্শকের জন্য অপেক্ষা করছে ভরপুর আবেগ, রহস্য এবং অনেক না মেলা প্রশ্ন। নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির প্রায় ৮০ ভাগ কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে। গল্পটিকে একদম বাস্তবসম্মত ও জীবন্ত করে তুলতে ঢাকার কড়াইল বস্তি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো ব্যস্ত ও চেনা এলাকায় এর শুটিং করা হয়েছে; যা পর্দায় দর্শকদের একেবারে অন্যরকম এক অনুভূতি দেবে। এ বিষয়ে আরও জানা গেছে, আগামী রোজার ঈদে মুক্তি পাবে পরীমণি অভিনীত নুতন সিনেমা ‘ফারজানা’।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button