সৌদি বিমানবন্দরে ফের হামলা

বাতিল ২২ হাজার বাংলাদেশি যাত্রীর ১৪৪টি ফ্লাইট
বিমানের দাম্মাম ও রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত
প্রবাহ রিপোর্ট : সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জের ধরে বাংলাদেশি ২২ হাজার ২১ জন যাত্রীর সফর বাতিল হয়েছে। আকাশসীমা ও বিমানবন্দর পরিচালনায় সাময়িক বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে মোট ১৪৪টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে আকাশসীমা ব্যবস্থাপনা ও ফ্লাইট পরিচালনা (এএসএম ফ্লাইট ম্যানেজমেন্ট) বিভাগের স্কোয়াড্রন লিডার মো. সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
স্কোয়াড্রন লিডার মো. সাকিব জানান, রিয়াদ বিমানবন্দরে অস্বাভাবিক পরিস্থিতির কারণে কার্যক্রম স্থগিত থাকায় সরাসরি ও ট্রানজিট রুটের ১৪৪টি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর ফলে ২২ হাজার ২১ জন যাত্রী গন্তব্যে যেতে পারেননি।
তিনি বাতিলের বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, সরাসরি পরিচালিত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৮টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১৯টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি ফ্লাইট রয়েছে। এছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো এয়ারলাইন্সের ৩০টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারলাইন্সের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাইদুবাইয়ের ৮টি ও এয়ার ইন্ডিয়ার ৮টি ফ্লাইট বাতিল করতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। এতে বগুড়ার শাহজাহানপুরের মো. শাহেদ আহমেদ এবং কুমিল্লার নাঙ্গলকোটের নাসরুল্লাহ বদরপুরী নামের দুই প্রবাসী বাংলাদেশি নিহত হন। এ ছাড়া হামলায় আরও ২৭ জন বাংলাদেশি আহত হন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। সামগ্রিকভাবে এ হামলায় বাংলাদেশিসহ অন্তত ৩০৯ জন আহত হয়েছেন।
বিমানের দাম্মাম ও রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত : সৌদি আরবে হুতিদের চলমান বিমানবন্দর-কেন্দ্রিক হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
রবিবার (২৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দাম্মামগামী এবং ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতকরণ আগামী ৪ নভেম্বর পর্যন্ত (বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী) বৃদ্ধি করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে গমন এবং বাংলাদেশে ফিরতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় বিগত ১৬ অক্টোবর থেকে ঢাকা থেকে জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। অন্যদিকে, ঢাকা-মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচির হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য সম্মানিত যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।



