খেলাধুলা

স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

প্রবাহ স্পোর্টস ডেস্ক ঃ কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে স্কটল্যান্ডের বিপক্ষে জয়টা একপ্রকার প্রত্যাশিতই ছিল। তবে লাল-সবুজের প্রতিনিধিরা যে এতটা বিধ্বংসী রূপে ধরা দেবেন, তা হয়তো অনেকেরই কল্পনার বাইরে ছিল! নিজেদের শেষ গ্রুপ ম্যাচে স্কটল্যান্ডকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে ৭০-২০ পয়েন্টের বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আর এই দাপুটে জয়েই পুরুষ বিভাগের সেমিফাইনালে ওঠার পাশাপাশি টুর্নামেন্টে একটি পদকও নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ দল। গতকাল ভারতের আহমেদাবাদের বীর সাভারকর স্পোর্টস কমপ্লেক্সে কোর্টে নামার পর থেকেই ম্যাচের একচ্ছত্র আধিপত্য ছিল লাল-সবুজের খেলোয়াড়দের হাতে। রেইডিং থেকে শুরু করে রক্ষণভাগ সব জায়গাতেই স্কটিশদের নাজেহাল করে ছেড়েছেন তারা। শুরু থেকে শেষ পর্যন্ত নিজেদের দাপট বজায় রেখে পুরো ৫০ পয়েন্টের ব্যবধান নিয়ে তবেই কোর্ট ছাড়ে বাংলাদেশ। চলতি আসরে গ্রুপ পর্বে দুর্দান্ত ছন্দে ছিল বাংলাদেশ। পাঁচ ম্যাচ খেলে চারটিতেই দাপুটে জয় পেয়েছে তারা। আসরের শুরুতেই কানাডাকে ৬৭-২৮ পয়েন্টে বিধ্বস্ত করার পর সিঙ্গাপুরকে হারায় ৬০-২৮ ব্যবধানে। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষেও ৬৯-৩১ পয়েন্টের বড় জয় পায় লাল-সবুজের দল। কেবল কেনিয়ার বিপক্ষেই একমাত্র হারের স্বাদ পেতে হয়েছিল তাদের। সব মিলিয়ে চার জয়ে আট পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। এই গ্রুপ থেকে তাদের সঙ্গী হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে কেনিয়া। অন্যদিকে, গ্রুপ ‘এ’ থেকে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক ভারত এবং শ্রীলঙ্কা। আগামীকাল একই ভেন্যুতে শিরোপা নির্ধারণী মঞ্চে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে সেমিফাইনালের চার দল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button