সম্পাদকীয়

স্বাস্থ্য খাতে দুর্নীতির জবাবদিহিতা নিশ্চিত করুন

স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের বেশির ভাগ মানুষ প্রায়ই প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হয়। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামেও একই চিত্র। সরকারি হাসপাতাল বা বেসরকারি প্রতিষ্ঠানÑসর্বত্রই রোগী বা রোগীর স্বজনদের হয়রানির শিকার হতে হয়। পদে পদে বাড়তি অর্থ ব্যয় করতে হয়। এটিই অলিখিত সাধারণ নিয়ম। বাংলাদেশ হেলথ ওয়াচের দ্বিবার্ষিক (২০২৫-২৬) প্রতিবেদনে দেশের স্বাস্থ্য খাতের এমন দুর্নীতির চিত্র উঠে এসেছে। বলা বাহুল্য, দেশের স্বাস্থ্য খাতের বাস্তবতাও এটিই। গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, সংস্থাটির পক্ষ থেকে গত রবিবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে ‘দুর্নীতির মোকাবিলা : বাংলাদেশের স্বাস্থ্য খাতে সুশাসন জোরদারকরণ’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে দেশের স্বাস্থ্য খাতের যে করুণ চিত্র উঠে এসেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এতে বলা হয়, রোগ নির্ণয় কেন্দ্রগুলো এক শ্রেণির চিকিৎসককে পরীক্ষা ফির ২০ থেকে ৫০ শতাংশ কমিশন দিচ্ছে। এ নিয়ে চলছে প্রতিযোগিতা। আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া গেছে। পরবর্তী কিছু গবেষণায় প্রত্যন্ত অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রে অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি পাওয়া গেছে। এতে রোগীরা বাধ্য হয়ে বেসরকারি প্রতিষ্ঠানে বেশি দামে সেবা নিতে বাধ্য হয়। প্রতিবেদনে বুদ্ধিবৃত্তিক দুর্নীতির প্রসঙ্গও তুলে ধরা হয়। এ বিষয়ে বলা হয়, বিকৃত তথ্য, বিলম্বে সত্য প্রকাশ বা পছন্দমতো উদাহরণ বেছে নেওয়ার ঘটনা ঘটে। এ ধরনের দুর্নীতির উদাহরণ হিসেবে বঙ্গভ্যাক্স টিকার অনুমোদনের প্রসঙ্গটি সামনে এসেছে। জানা যায়, গ্লোভ বায়োটেক লিমিটেড ২০২০ সালের জুলাই মাসে বঙ্গভ্যাক্স টিকা উদ্ভাবনের কথা ঘোষণা করে এবং ওই বছরের ডিসেম্বরে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছ থেকে তৈরির অনুমতি পায়, কিন্তু বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল একের পর এক অজুহাতে সময় নষ্ট করে। সরকারি হাসপাতালগুলোতে সাধারণ মানুষের হয়রানির অন্ত নেই। হাসপাতালের ফটকেই দালালচক্র থাকে। এরপর হাসপাতালের টিকিট, হুইলচেয়ার পাওয়া, শয্যা পাওয়া, ভর্তি, ছাড়পত্রসহ নানা দাপ্তরিক কাজে অনানুষ্ঠানিক ব্যয় করতে হয়। রক্ত সংগ্রহ, সার্জারির তারিখ পাওয়ার মতো বিষয়গুলোতে বাড়তি খরচ সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া সার্জিক্যাল সুচার, ড্রেসিং সামগ্রী, রক্ত, অক্সিজেন, এমনকি হাসপাতালের খাবারও অনানুষ্ঠানিকভাবে বিক্রি হয়। প্রতিবেদনটিতে এসব বিষয় উঠে এসেছে। দেশের স্বাস্থ্য খাতের করুণ দশা নতুন কিছু নয়। বছরের পর বছর ধরে একই অবস্থায় চলছে। বিভিন্ন সময় এই খাতকে যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ নেওয়া হয়, কিন্তু বেশির ভাগ সময় যথাযথ বাস্তবায়িত হয় না। নানা জটিলতায় প্রকল্প আটকে থাকে। দামি সরঞ্জাম কেনা হয়, কিন্তু সেগুলোর জন্য দক্ষ টেকনিশিয়ান পাওয়া যায় না। এতে টাকাও যায়, একসময় যন্ত্রও বিকল হয়। গ্রামে-গঞ্জে অনেক হাসপাতালের ভবন আছে, কিন্তু চিকিৎসক নেই। এমন হাজারো সংকটে জর্জরিত আমাদের স্বাস্থ্য খাত। অনুষ্ঠানে বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক আহমেদ মোশতাক রাজা চৌধুরী অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন, ‘স্বাস্থ্য খাতের দুর্নীতি ব্যক্তির সমস্যা নয়। এটি পদ্ধতিগত সমস্যা।’ অন্যদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত প্রতিবেদনটিকে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করে বলেন, ‘এই প্রতিবেদন আমার জন্য একটি লার্নিং ডকুমেন্ট। আমার কাজে লাগবে।’ প্রতিবেদনটিতে বেশ কিছু সুপারিশ করা হয়েছে, যার মধ্যে রয়েছেÑআইন করে কমিশনভিত্তিক রেফারেল নিষিদ্ধ করা, ন্যায্য ক্ষতিপূরণের বিধান করা, ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু করা এবং মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের নিয়ন্ত্রক সংস্থার প্রধান না করা। আমরা মনে করি, সুপারিশগুলো সরকার বিবেচনায় নিতে পারে। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, তা সবার জন্য নিশ্চিত করতে হবে। সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে শৃঙ্খলার মধ্যে আনতে হবেÑএ জন্য জবাবদিহি একান্ত অপরিহার্য।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button