আদালত প্রাঙ্গণের সেই ঘটনা নিয়ে যা বললেন পরীমণি

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। আইনি ঝামেলা যেন পিছুই ছাড়ছে না তার! কখনো মাদক, আবার কখনো মারধর; বিভিন্ন অভিযোগ-মামলার ভিত্তিতে প্রায়ই কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে তাকে। গেল ৫ নভেম্বর ব্যবসায়ীকে মারধরের এক মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন পরীমণি। কিন্তু সেখানে গিয়েও তাকে নিয়ে তৈরি হয় বিতর্ক। সেদিন এক সাংবাদিকের সঙ্গে বাগ্বিত-া, তাকে টেনে নেওয়া এবং এমনকি মারধরের অভিযোগ ওঠে পরীমণির বিরুদ্ধে। নায়িকার দাবি, সেই সাংবাদিক তাকে ব্যাডটাচ করেছিলেন। এর জেরে সেই সাংবাদিকের প্রতি মেজাজ হারান, করেন অকথ্য ভাষা ব্যবহার। পরে সে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। এবার সেই ঘটনা নিয়েই নিজের বক্তব্য দিয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় হাজিরা দিতে আদালতে যান পরীমণি। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সেদিনের ঘটনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন অভিনেত্রী। পরীমণির কথায়, ‘সাংবাদিকের কার্ড ঝুলিয়ে অন্যায় করাটা কি আপনারা প্রশ্রয় দেন? আমাকে যখন ব্যাডটাচ বা গুডটাচ যেটাই হোক; করা হলো, আমার তো ব্যথা লেগেছে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি এটা কেন করেছো? তখন কার্ড শো করলো এরকম করে যে- আমি কিন্তু সাংবাদিক, তার মানে কী দাঁড়াল? তখন তো আমি হিট মোমেন্টে; তাহলে তো বলবোই, আমার সঙ্গে সাংবাদিকগিরি করো? বিষয়টি এমন নয় যে, সাংবাদিক পরিচয় দিয়ে অন্যায় করবেন।’ উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। পরেরদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে ওই বছরের ৪ অক্টোবর পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। পরে ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। উচ্চ আদালত তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে পুনরায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির নির্দেশ দেন।



