জাতীয় সংবাদ

‘চাঁদা না দেওয়ায়’ ব্যাংক পরিচালককে হত্যা, ৫ দিন পর পুকুরে মিলল মরদেহ

প্রবাহ রিপোর্ট ঃ কুমিল্লায় ‘চাঁদা না দেওয়ায়’ সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতকে (৩৬) হত্যা করে মরদেহ পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। ঘটনার পাঁচ দিন পর একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর মধ্যমপাড়া সৈয়দুজ্জামানের বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রেদোয়ান হোসেন রিফাত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের শিবপুর মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা। অভিযুক্ত ঘাতক আবরাদ হাসান সজিব কলেজ পাড়ার বাসিন্দা এবং সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে।
সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, রেদোয়ান হোসেন রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। গত পাঁচ দিন আগে সজিব ওই ব্যাংকে গিয়ে রেদোয়ানের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে সজিব তাকে মারধর করে এবং তার ব্যবহৃত মুঠোফোন ভেঙে ফেলে। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত। ছেলের কোনো খোঁজ না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের পাঁচ দিন পর শুক্রবার শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে রিফাতের মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ‘সজিব ছেলেটা এই এলাকায় কিশোর গ্যাংয়ের মূল। সে যাকে পাইত তাকে মারত। আগে এসব করত, এখন একজন নিরীহ ছেলেকে হত্যা করেছে। আমরা এর ফাঁসি চাই।’
নিহতের বাবা দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে সজিব হত্যা করেছে। এর ফাঁসি চাই। আমার ছেলেটা কত কষ্ট করে এ ব্যাংকটি পরিচালনা করছিল। ছেলেটা চাঁদা চায় আমার ছেলের কাছে। না দিলে সেদিন মারধরের ঘটনার পর ভাবছি আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের মরদেহ, কীভাবে মানবো?’
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে সজিব নামে একজন এ হত্যার সঙ্গে জড়িত বলে জানতে পেরেছি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button