সাতক্ষীরা আদালত চত্বরে ছয় দিনের ব্যবধানে দ্বিতীয়বার বিস্ফোরণ

# বৃহস্পতিবার আইনজীবী সমিতির নির্বাচন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও আতঙ্ক #
সাতক্ষীরা প্রতিনিধি ঃ
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালত চত্বরসংলগ্ন জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ক্যান্টিনের টিনের চালে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছয় দিনের ব্যবধানে একই স্থানে দ্বিতীয়বার এ ধরনের ঘটনা ঘটল। রোববার (২৯ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
ঘটনার পর সাতক্ষীরা জেলা প্রশাসকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নেন। প্রত্যক্ষদর্শী ও পাশের চায়ের দোকানদার ইলিয়াস হোসেন জানান, দুপুর ১২টার দিকে এলাকাটি বেশ কর্মচঞ্চল ছিল। এ সময় হঠাৎ ক্যান্টিনের টিনের চালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এটি ককটেল বিস্ফোরণ নয়, পটকা ফোটানো হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর একই ক্যান্টিনের চালে অজ্ঞাত ব্যক্তিরা ককটেলসদৃশ একটি বস্তু নিক্ষেপ করে। সেটি বিস্ফোরিত না হয়ে নিচে পড়ে যায়। পরে পুলিশ কালো টেপে মোড়ানো ক্রিকেট বলের আকৃতির বস্তুটি উদ্ধার করে।
এদিকে, আগামী বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে আদালত চত্বরে আইনজীবী, প্রার্থী, ভোটার ও তাঁদের সমর্থকদের উপস্থিতি বাড়বে। এমন গুরুত্বপূর্ণ সময়ের আগে একই স্থানে ছয় দিনের ব্যবধানে দুবার বিস্ফোরণ ও বিস্ফোরকসদৃশ বস্তু নিক্ষেপের ঘটনায় আইনজীবীসহ বিচারপ্রার্থী ও আদালত সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
আদালত চত্বর একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকা। সেখানে আসন্ন আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘেœ সম্পন্ন করার স্বার্থে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং আদালত চত্বরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



