সুন্দরবন সংলগ্ন নদীতে প্লাস্টিক বর্জ্যরে ভয়াবহ দূষণ : হুমকিতে জলজ প্রাণী ও জীব-বৈচিত্র্য

# বিপর্যয়ের মুখে উপকূলের পরিবেশ ও মানুষের জীবন-জীবিকা
রিয়াছাদ আলী, কয়রা (খুলনা) ঃ বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। অথচ এই বনঘেঁষা নদ-নদী ও খালের পানিতে প্রতিনিয়ত মিশছে প্লাস্টিক বর্জ্য। পলিথিন, প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেটসহ নানা ধরনের অপচনশীল বর্জ্যে দূষিত হচ্ছে নদীর পানি। এতে একদিকে হুমকির মুখে পড়ছে জলজ প্রাণী ও মাছের আবাসস্থল, অন্যদিকে বিপন্ন হচ্ছে সুন্দরবনের জীববৈচিত্র ্য ও উপকূলীয় পরিবেশের ভারসাম্য। খুলনার কয়রা উপজেলার সুন্দরবন সংলগ্ন বিভিন্ন বাজার ও নদী তীরবর্তী জনবসতি থেকে প্রতিদিনই নদীতে ছড়িয়ে পড়ছে নানা ধরনের প্লাস্টিক বর্জ্য। স্থানীয়দের অসচেতনতা, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার ব্যবস্থা না থাকায় পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। স্থানীয়দের সাথে বলে জানা গেছে, সুন্দরবন সংলগ্ন বিভিন্ন বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও বাসিন্দাদের ব্যবহৃত প্লাস্টিকসামগ্রী অনেক সময় নির্দিষ্ট স্থানে না ফেলে নদী, খাল কিংবা নদীর তীরে ফেলা হচ্ছে। জোয়ার-ভাটার পানিতে এসব বর্জ্য ছড়িয়ে পড়ছে নদী ও সুন্দরবনের গভীর অরণ্যে। ফলে সুন্দরবনের প্রাণ-প্রকৃতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীকেন্দ্রিক মানুষের জীবন-জীবিকা। পরিবেশবিদদের মতে, প্লাস্টিক সহজে মাটির সঙ্গে মিশে যায় না। দীর্ঘদিন পরিবেশে পড়ে থেকে এসব বর্জ্য ভেঙে ক্ষুদ্র প্লাস্টিক কণায় পরিণত হতে পারে। মাছ ও অন্যান্য জলজ প্রাণীর শরীরে এসব কণা প্রবেশের আশঙ্কা রয়েছে। এ ছাড়া নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়া, পানির গুণগত মান কমে যাওয়া এবং জলজ জীববৈচিত্রে ্যর ক্ষতির ঝুঁকিও বাড়ছে। কয়রা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সাধারণ সম্পাদক মো. ফরহান হাসান বলেন, সুন্দরবনসংলগ্ন নদী ও খালে অপচনশীল বর্জ্য ফেলা জীববৈচিত্র ্য, জীবিকা ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। সুন্দরবনসংলগ্ন এলাকার বহু মানুষ মাছ ধরা, কাঁকড়া আহরণ, কৃষিকাজ ও বনজ সম্পদের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। নদী দূষিত হলে মাছসহ অন্যান্য জলজ সম্পদের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে দূষিত পানি ও অপরিচ্ছন্ন পরিবেশ স্থানীয় মানুষের জীবন যাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কয়রার কপোতাক্ষ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আ,ব,ম আঃ মালেক বলেন, সুন্দরবন ও নদী রক্ষায় প্রশাসনের পাশাপাশি প্রত্যেক নাগরিকের দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্দরবন শুধু বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নয়, এটি উপকূলের মানুষের জীবন-জীবিকা ও প্রাকৃতিক সুরক্ষার অন্যতম অবলম্বন। তাই নদীকে প্লাস্টিক বর্জ্যমুক্ত রাখা এবং জীববৈচিত্র ্য সংরক্ষণে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। কয়রার ইয়ুথ ফর দ্যা সুন্দরবনের সভাপতি নিরাপদ মুন্ডা বলেন, সুন্দরবনসংলগ্ন বাজারগুলোতে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন, নিয়মিত বর্জ্য অপসারণ, পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং নদীতে বর্জ্য ফেলা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পাশাপাশি বাজার কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, পরিবেশবাদী সংগঠন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সচেতনতামূলক প্রচার, নদীতীর পরিষ্কার অভিযান এবং বর্জ্য ব্যবস্থাপনায় নিয়মিত নজরদারি চালু করা গেলে দূষণ অনেকাংশে কমানো সম্ভব। তবে উপকূলীয় অঞ্চলে প্লাষ্টিক ও পলিথিন দুষণের হাত থেকে রক্ষা করতে কাজ করছে বেসরকারি সংস্থা রুপান্তর। রুপান্তরের প্রজেক্ট ম্যানজার অনুপ রায় বলেন, মানুষকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম চলমান রাখা হয়েছে। এতে করে মানুষ আগের তুলনায় অনেক সচেতন হচ্ছে। সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ সাজমিনুল ইসলাম বলেন, সুন্দরবনসংলগ্ন নদীতে প্লাস্টিকজাতীয় বর্জ্য ফেলার কারণে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। সুন্দরবন উপকূলীয় অঞ্চলকে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা বৃদ্ধি ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ম্যানগ্রোভ বন কার্বন ধারণের পাশাপাশি উপকূলকে ঝড় ও জলোচ্ছ্বাসের প্রভাব থেকে সুরক্ষা দিতে সহায়তা করে। তাই সুন্দরবন এবং এর সঙ্গে সংযুক্ত নদী-খালের পরিবেশ রক্ষা করা অত্যন্ত জরুরি। এ ব্যাপারে জেলে বাওয়ালীদেরকে সচেতন করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, প্লাস্টিক বর্জ্য নদীতে ফেলা জলবায়ু পরিবর্তনের একমাত্র বা প্রধান কারণ না হলেও প্লাস্টিকের উৎপাদন, ব্যবহার ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশদূষণ বাড়ায়। অন্যদিকে নদী ও বনাঞ্চলে বর্জ্য জমে থাকলে প্রাকৃতিক পরিবেশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলে এ ধরনের দূষণ সংকটকে আরও জটিল করে তুলতে পারে। সুন্দরবন বাঁচাতে হলে শুধু বনের ভেতরের গাছপালা ও বন্যপ্রাণী রক্ষা করলেই চলবে না, রক্ষা করতে হবে বনের সঙ্গে মিশে থাকা নদী-খালকেও। এখনই প্লাস্টিক বর্জ্য ফেলা বন্ধ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ নেওয়া না হলে এর দীর্ঘ মেয়াদি ক্ষতির বোঝা বহন করতে হবে প্রকৃতি ও উপকূলের মানুষকেই।



