নকল দুধের বাজার রমরমা : চাই কঠোর ব্যবস্থা

সব ধরনের পুষ্টিগুণ থাকায় দুধকে বলা হয় সুষম খাবার। পুষ্টির আশায় সাধারণ মানুষ চড়া দামে বাজার থেকে দুধ কিনে থাকে। আর সেই দুধেই কি না ভয়াবহ ভেজাল। দুধ বলতে কিছুই থাকে নাÑথাকে গ্লুকোজ জেলি, সয়াবিন তেল, কস্টিক সোডা, চিনি, ডিটারজেন্টসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য। মাত্র ৪৫০ টাকার রাসায়নিক মেশালেই তৈরি হয় নকল দুধ, যা দুই হাজার ২০০ টাকায় বিক্রি করা যায়। এক পর্যায়ে এসব নকল দুধই চলে যায় দেশের নামিদামি ব্র্যান্ডের প্যাকেটে। গতকাল দেশের বিভিন্ন পত্র পত্রিকার প্রতিবেদনে এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। খবরে বলা হয়, পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুরেই নামে-বেনামে গড়ে উঠেছে দুই শতাধিক চিলিং সেন্টার (মান যাচাই ও প্রাথমিক সংরক্ষণাগার)। এর মধ্যে ৯২টি বিভিন্ন স্বনামধন্য কম্পানির এবং বাকিগুলো ব্যক্তিমালিকানাধীন। জেলায় সবচেয়ে বেশি দুধ উৎপাদন হয় ভাঙ্গুড়া উপজেলায়। ভাঙ্গুড়া ছাড়াও বেড়া, সাঁথিয়া ও ফরিদপুর উপজেলার অর্ধশতাধিক গ্রামে দীর্ঘদিন ধরে চলছে নকল দুধ তৈরির কারখানা। খবরে বলা হয়, পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলে প্রতিদিন সাড়ে চার লাখ লিটার দুধের চাহিদা রয়েছে। এর বিপরীতে উৎপাদন সাড়ে তিন লাখ লিটার। অভিযোগ রয়েছে, নকল দুধ তৈরি করে এই ঘাটতি পূরণ করেন অসাধু কারবারিরা। এদিকে ভেজাল কারবারিদের দৌরাত্ম্যে বিপাকে পড়েছেন প্রকৃত খামারিরা। খাঁটি দুধের দাম বেশি হওয়ায় এবং ঘুষ না দেওয়ায় সেগুলো কিনতে চায় না চিলিং সেন্টারগুলো। এমনকি মধ্যস্বত্বভোগীদের একটি সিন্ডিকেট আছে, যারা চিলিং সেন্টারে দুধ সংগ্রহ করে দেয়, তারা কমিশন না পেয়ে কোণঠাসা করে রাখে প্রকৃত খামারিদের। আমাদের প্রশ্ন হলো, দিনের পর দিন এ ধরনের ন্যক্কারজনক কর্মকা- চলছে কী করে? আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা কোথায়? স্থানীয়রাও জানিয়েছেন, নকল দুধ তৈরি ধারাবাহিকভাবে চললেও প্রশাসনের অভিযান তুলনামূলক কম। এমনকি অভিযানে বিপুল পরিমাণ নকল দুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হলেও মূল অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকে। আবার জরিমানা কিংবা শাস্তি কম হওয়ায় জড়িতরা অপকর্মের পথ ছাড়ছে না। আমরা মনে করি, জনস্বাস্থ্য সম্পর্কিত এমন স্পর্শকাতর বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর আরো কঠোর হওয়া প্রয়োজন। স্থানীয় পর্যায়ে নকল দুধ পরীক্ষার ব্যবস্থা থাকা দরকার। শুধু লোক-দেখানো সাজা নয়, নকল দুধ তৈরির সঙ্গে জড়িদের এমন সাজা দিতে হবে যেন পুনরায় তাঁরা একই কাজে না ফিরতে পারেন।
