হাসতে অন্তত প্ল্যান করতে হয় না: জয়া আহসান

প্রবাহ রিপোর্ট ঃ দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন। তিনি প্রায়ই দুই বাংলার ভক্ত-অনুরাগীদের মাঝে নিজের নানা মুহূর্তের ভালোমন্দ শেয়ার করে নেন। অভিনেত্রী প্রায়ই সরব থাকেন তার ভক্ত-অনুরাগীদের নিয়ে। আর অভিনয় ছাড়াও কাজের ফাঁকে অবসর সময়ে বাড়িতে উন্মুক্ত বাগান দেখভাল নিয়ে ব্যস্ত থাকেন জয়া আহসান। গাছ-গাছালি ও পোষ্য নিয়েও কাটে তার ব্যস্ত সময়। তবে সময় যেন থমকে গেছে তার রূপ ও লাবণ্যের কাছে। আর তাই প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে সব বয়সের দর্শকদের কাছেই তিনি সমান আকর্ষণীয়। সম্প্রতি সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন জয়া আহসান। সদ্য প্রকাশিত ছবি প্রকাশ করেই আবার প্রমাণ করলেন, বয়স যেন তার কাছে দুধভাত! রূপের জাদুতে আবার ভক্ত-অনুরাগীদের মুগ্ধতায় ভাসালেন অভিনেত্রী। সেই সঙ্গে জানালেন, কোনো পরিকল্পনা না করেই বিশেষ একটি কাজ করে বসেন তিনি। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা গেছে, স্নিগ্ধ গোলাপি রঙের পোশাকে বেশ ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন জয়া আহসান। টেবিলের সামনে বসে থাকাবস্থায় তার মুখে ভেসে উঠেছে এক মিষ্টি হাসি। অভিনেত্রী বোঝাতে চেয়েছেন, আচমকা ঠোঁটের কোণে ভেসে ওঠা তার এই হাসিগুলোই চলে আসে কোনো প্ল্যান ছাড়াই! ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেনÑ ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’। অর্থাৎ কোনো পূর্বপরিকল্পনা ছাড়া বা নিজের অজান্তেই হাসতে জানেন তিনি। জয়ার সঙ্গে একমত হয়ে এক নেটিজেন লিখেছেনÑ ‘ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’ এ ছাড়া জয়া আহসানের এমন আনকোরা অভিব্যক্তি আর মিষ্টি হাসির সেই ছবি সাড়া ফেলেছে সামাজিক মাধ্যমে নেটিজেনসহ তার ভক্ত-অনুরাগীদের মাঝে। তবে হাসির চেয়ে বেশি আলোচনায় তার এভারগ্রিন লুক। নেটিজেনদের একাংশের মন্তব্য ছিল এমনÑ ‘চল্লিশের জয়া যেন ১৮ -তে নেমে এসেছেন।’ আবার কেউ কেউ তাকে তিন পুরুষের ক্রাশ বলেও অভিহিত করেছেন। উল্লেখ্য, অভিনেত্রী জয়া আহসানকে অভিনয়ে সর্বশেষ দেখা গেছে কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’তে। বেশ কিছু দিন আগে সিনেমাটি মুক্তি পেয়েছে ভারতে। পেয়েছে ভূয়সী প্রশংসা।



