বিনোদন

মার্সিডিজ থাকার পরও ফুটানি করি না : ওমর সানী

প্রবাহ রিপোর্ট ঃ ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে প্রায়ই নানা ধরনের মন্তব্য ও ট্রল দেখা যায়। তবে এসব বিষয়কে খুব একটা গুরুত্ব দেন না এই অভিনেতা। বরং তার দাবি, জীবনে এমন কোনো কাজ তিনি করেননি, যা নিয়ে তাকে ট্রল করা যায়। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের সম্পদ, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল এবং শিল্পীদের কথা বলা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন ওমর সানী। সামাজিক যোগাযোগমাধ্যমে দামি ঘড়ি নিয়ে মানুষের নানা ধরনের প্রচার-প্রচারণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘অনেকেই বাংলাদেশে বলছে, ভাই, আমার ঘড়িটা দেখছেন? এই ঘড়িটা কিন্তু প্রায় ২৯ লাখ টাকার। আমি সোশ্যাল মিডিয়ায় এমনটা দেখেছি। আমার হাতেও একটা ঘড়ি আছে। হয়তো আমাকে ওমর সানীকে এই ঘড়ি পরতে দেখে অনেকের কাছে খুব দামি মনে হচ্ছে। আসলে এটার দাম অত না, এটা মাত্র ১১০০ টাকা।’ নিজের সম্পদ নিয়ে বাড়তি জাহির করার অভ্যাস নেই জানিয়ে এই অভিনেতা বলেন, ‘আমি এটা প্রাউডলি বলতে পারি, কোনো দিন কোনো কিছুতে আলগা বাহাদুরি করিনি। আমার মার্সিডিজ থাকার পরও আমি ফুটানি করি না। এটা নিয়ে বড় করে কথা বলার কিছু নেই।’ সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে হওয়া ট্রল প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘আসলে আমাকে নিয়ে ট্রল হওয়ার মতো কোনো কাজ আমি আমার জীবনেও করিনি। হয়তো বা আমার কর্মকা-কে ট্রলের মতো করে ওরা নিজেরাই তৈরি করে ফেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে কতগুলো ফালতু লোক আছে, যাদের অনেকে বট বাহিনীও বলে- যারা ট্রলের মতো করে। কিন্তু ট্রল হওয়ার মতো কোনো কাজ আমার নেই।’ নিজের প্রতিবাদী স্বভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। এই সরাসরি কথা বলাটা অনেকের ভালো লাগে না। যাদের আঁতে ঘা লাগে, তারা এসব ছড়ায়। এসবে তাই পাত্তা দিই না। যারা এসব করে, তারা ফালতু লোক।’ শিল্পীদের কথা বলার প্রসঙ্গেও নিজের মতামত জানান ওমর সানী। তার মতে, ‘শিল্পীরা যেখানে তুলনামূলক কম কথা বলেন, সেখানে শিল্পী নন- এমন অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি কথা বলেন।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button