বিনোদন

এবারও কি এফডিসিতে কোরবানি দিচ্ছেন পরীমণি?

প্রবাহ রিপোর্ট ঃ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) অসচ্ছল সহশিল্পীদের জন্য দীর্ঘদিন ধরে কোরবানির আয়োজন করে আসছিলেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। তবে গত কয়েক বছর ধরে তিনি সেই আয়োজন থেকে দূরে রয়েছেন। এবারও এফডিসিতে কোরবানি দিচ্ছেন না বলে জানিয়েছেন ঢালিউডের আলোচিত এই নায়িকা। তবে নিজের অনুপস্থিতিতেও সহশিল্পীদের ঈদ আনন্দমুখর হোক, এমন প্রত্যাশা জানিয়েছেন পরীমণি। তিনি গণমাধ্যমে বলেন, ‘আমি চাই এফডিসিতেও কোরবানিটা হোক। ২০১৬ সাল থেকে সবসময় কোরবানিটা এফডিসির সঙ্গে করেছি। এবার নিয়ে হয়তো চার বছর হয়ে গেল আমি এফডিসিতে কোরবানি দিচ্ছি না। এর নানা কারণ আছে, সেগুলো এখন পরিষ্কার। তবে আমি চাই আমার সহশিল্পীরা, যাদের অনেকেই দরিদ্র হিসেবে পরিচিত, তারাও যেন উৎসবমুখরভাবে ঈদ উদযাপন করতে পারেন। আমি থাকি আর না থাকি, তাদের আনন্দটা যেন থাকে।’ দীর্ঘ বিরতির পর এবার তিনি গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবেন। এ বিষয়ে পরীমণি বলেন, ‘আমার নানু ভাই সব সময় চাইতেন আমি বাড়ি গিয়ে পরিবারের সবার সঙ্গে ঈদ করি। নিজের হাতে কোরবানির মাংস সবাইকে বিলিয়ে দিই। প্রায় আট-নয় বছর শুধু এফডিসির জন্য বাড়িতে যাওয়া হয়নি।’ তিনি জানান, একসময় মনে হয়েছে এফডিসির দায়িত্ব অন্য কেউ সামলাচ্ছেন, তাই তিনি দায়িত্বটি হস্তান্তর করতে পেরেছেন। এরপর থেকেই তিনি আবার গ্রামের বাড়িতে গিয়ে ঈদ উদযাপন শুরু করেন। সবশেষে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি জানি না কতটুকু কিভাবে করতে পারছি, তবে চেষ্টা করছি ঈদটাকে উৎসবমুখর করতে। ঈদ আনন্দ আর খুশির বার্তা নিয়ে আসে। আমি চাই সবার মুখে হাসি থাকুক, সবার অন্তরে আনন্দ থাকুক। আর কিছু চাওয়া নেই।’

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button