হরমুজে সেনা মোতায়েনে যে ৩ শর্ত দিল জাপান

প্রবাহ রিপোর্ট ঃ পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপত্তা মিশনে নিজেদের ‘সেলফ-ডিফেন্স ফোর্সেস’ বা সামরিক সেনা মোতায়েনের জন্য তিনটি শর্ত বেঁধে দিয়েছে জাপান। শর্তগুলো হলোÑআমেরিকা ও ইরানের মধ্যে কার্যকর যুদ্ধবিরতি, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগ ব্যবস্থা সচল থাকা এবং ওই নৌপথে সামগ্রিক ঝুঁকির মাত্রা কমে আসা। রোববার (৭ জুন) জাপানের কিয়োডো নিউজের বরাতে এই তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের সেনা মোতায়েনের আগে টোকিও এই তিনটি শর্ত পূরণ নিশ্চিত করতে চায়। শর্তগুলো পূরণ হলে জাপানি বাহিনী হরমুজ প্রণালিতে মূলত ভেসে থাকা বা পরিত্যক্ত মাইন অপসারণ এবং বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করার কাজে অংশ নেবে। গত ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ পর্যন্ত তিনবার ফোনালাপ করেছেন। উল্লেখ্য, জাপান তার মোট জ্বালানি চাহিদার প্রায় ৯০ শতাংশই পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আমদানি করে থাকে। চলমান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানির জোগান স্বাভাবিক রাখতে নিজেদের কৌশলগত জরুরি মজুত থেকে তেল ছেড়ে দেওয়া প্রথম দেশগুলোর অন্যতম ছিল জাপান। সূত্র: ইয়ানি সাফাক।



