ওয়েব সিরিজ নির্মাণের কৌশল শেখাবেন ‘তাকদীর’ নির্মাতা

প্রবাহ বিনোদন : দেশের ওয়েব জগতে জোয়ার এনেছিল ‘তাকদীর’। হইচইয়ের এই সিরিজ বানিয়েছেন সৈয়দ আহমেদ শাওকী। তার নির্মিত এই সিরিজ দেশ ছাড়িয়ে ভারতেও বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। এরপর ‘কারাগার’ বানিয়েও অসামান্য সাড়া পেয়েছেন তিনি। নির্মাণের মুন্সিয়ানা দেখিয়েছেন ‘গুলমোহর’ সিরিজেও।
ওটিটির অন্যতম সেরা এই নির্মাতার কাছ থেকেই এবার নির্মাণের কলা-কৌশল শেখার সুযোগ মিলবে। আগ্রহীদের মাস্টারক্লাস করাবেন শাওকী। একাডেমি অব ক্রিয়েটিভ প্রফেশনালসের এই ক্লাস অনুষ্ঠিত হবে ১৪ আগস্ট। বিকাল ৪টায় শুরু হয়ে ক্লাস চলবে রাত ৮টা পর্যন্ত।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্লাসে ওয়েব সিরিজের গল্প নির্বাচন, সিরিজের পর্ব বিভাজন কৌশল, ওটিটি প্লাটফর্মের সঙ্গে কাজ করার পুরো প্রক্রিয়া, পিপিএম-এর প্রস্তুতি এবং সর্বপরি একজন নির্মাতার দায়িত্ব, সবকিছু নিয়েই আলোচনা করবেন শাওকী। তার কাছ থেকে প্রশ্নোত্তরের মাধ্যমেও জ্ঞানের পরিধি বাড়াতে পারবেন অংশগ্রহণকারীরা।
এই মাস্টারক্লাসে আসন সংখ্যা মাত্র ৩০ জন। এরই মধ্যে শুরু হয়েছে নিবন্ধন। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে রয়েছে নির্দিষ্ট লিংক। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
প্রসঙ্গত, শাওকীর নির্মাণে সম্প্রতি কিছু না এলেও তার চিত্রনাট্যে এসেছে ‘হেডলাইন’। হইচইয়ে মুক্তি পাওয়া সিরিজটি পরিচালনা করেছেন সালেহ সোবহান অনিম। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিনসহ অনেকে।



