আন্তর্জাতিক

চীনের ওপর নিষেধাজ্ঞা দিতে চায় না যুক্তরাষ্ট্র

প্রবাহ রিপোর্ট ঃ ইরানের কাছ থেকে অপরিশোধিত তেল কেনা চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর আপাতত অতিরিক্ত নিষেধাজ্ঞা বা গৌণ নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না যুক্তরাষ্ট্র। তবে প্রয়োজন হলে এ ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি হাতে রেখে দিয়েছে ওয়াশিংটন। আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা মার্ক ফাইফলে এ কথা জানিয়েছেন। ফাইফলে বলেন, প্রয়োজন দেখা দিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার অর্থ মন্ত্রণালয় চীনা ক্রেতাদের বিরুদ্ধে গৌণ নিষেধাজ্ঞার বিষয়টি ব্যবহার করতে পারে। আপাতত এটি তাদের হাতে রাখা একটি বিকল্প। তিনি বলেন, চীনের বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা কূটনৈতিকভাবে কঠিন হবে। কারণ যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনীতি এখনো গভীরভাবে পরস্পরের সঙ্গে যুক্ত। তাই আপাতত ওয়াশিংটনের লক্ষ্য হচ্ছে চীনকে অন্য উৎস থেকে তেল কেনার বিষয়ে আরও স্বাচ্ছন্দ্যবোধ করানো। ফাইফলে জানান, চীনের শোধনাগারগুলো নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরানি অপরিশোধিত তেল কম দামে কিনছে। এর ফলে বৈশ্বিক প্রতিযোগীদের তুলনায় চীনা পরিশোধনাগারগুলো বাড়তি সুবিধা পাচ্ছে। তার মতে, ওয়াশিংটনকে সহযোগিতা করার বিষয়ে বেইজিংয়ের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। বরং চীন নীরবে তেহরানকে সহায়তা করে থাকতে পারে। ফাইফলে বলেন, ‘চীনারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। ইরানের এই যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আরেকটি আন্তর্জাতিক অভিযানে ব্যস্ত থাকতে দেখলে তাদের কোনো সমস্যা নেই।’ এদিকে আগামী ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকে বসার কথা রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। ইরান যুদ্ধ ও তেল বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই এই বৈঠক হতে যাচ্ছে। তথ্যসূত্র: আলজাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button