আন্তর্জাতিক

‘এই মুহূর্তে’ ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়াতে চান না ট্রাম্প!

প্রবাহ রিপোর্ট ঃ তেহরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ বজায় রাখলেও ‘এই মুহূর্তে’ ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়াতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি গণমাধ্যমের শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ বজায় রাখলেও তিনি “এই মুহূর্তে” ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে জড়াতে চান না। শুক্রবার এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মধ্যবর্তী নির্বাচনের পর থেকে ট্রাম্প নিয়মিত প্রতিদিন একাধিক গোয়েন্দা ব্রিফিং গ্রহণ করে আসছেন। ওই কর্মকর্তা বলেন, ‘এটা বেশ স্পষ্ট যে ট্রাম্প এখনই আর যুদ্ধে ফিরে যেতে চান না।’ প্রতিবেদনে বলা হয়েছে, এ সংঘাত অষ্টম মাসে গড়ালেও মার্কিন প্রশাসন নতুন কোনো যুদ্ধ না করা, কোনো আলোচনা না হওয়া এবং কোনো স্থায়ী শান্তি প্রতিষ্ঠা না করার মাঝামাঝি একটি অবস্থানে অটল রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা তিনি আর করছেন না এবং তিনি ভাইস প্রেসিডেন্ট- জেডি ভ্যান্সকে অন্যান্য বিষয়ে মনোযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। হোয়াইট হাউজে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের পর গত সোমবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা কেবল বর্তমান অবস্থাতেই বিষয়টি ধরে রাখছি।’ তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ পরিস্থিতিকে কোনো অচলাবস্থা বলে মানতে নারাজ। প্যারিসে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কো রুবিও বলেন, ‘আমাদের অর্থনৈতিক পদক্ষেপের কারণে ইরানি সরকারের ওপর যে চাপ ও ধ্বংসযজ্ঞ তৈরি হয়েছে, তা এতটা কার্যকরভাবে কাজ করছে যে প্রেসিডেন্টের বড় কোনো সামরিক অভিযান চালানোর আসলেই কোনো প্রয়োজন নেই।’ ইরানের দাবিগুলোকে ‘অযৌক্তিক’ বলেও মন্তব্য করেন রুবিও। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর জবাবে তেহরান ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেয়। এর আগে একটি চূড়ান্ত শান্তি চুক্তির পথ সুগম করার জন্য গত জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু হরমুজ প্রণালীতে চলাচল সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন বিষয়ে মতবিরোধের জেরে সেই চুক্তি পরে ভেস্তে যায়। সূত্র: আনাদোলু এজেন্সি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button