আন্তর্জাতিক

নিউইয়র্কে প্রথম ফিলিস্তিনি মুসলিম নারী সিনেটর সম্পর্কে যা জানা গেল

প্রবাহ রিপোর্ট ঃ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সোচ্চার অবস্থান, সামাজিক অধিকার ও সাশ্রয়ী আবাসনের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটে ইতিহাস গড়েছেন ৩৪ বছর বয়সী আবের কাওয়াস। তিনি অঙ্গরাজ্যটির ইতিহাসে প্রথম ফিলিস্তিনি ও প্রথম মুসলিম নারী সিনেটর নির্বাচিত হয়েছেন। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নিউইয়র্কের ১২ নম্বর সিনেট নির্বাচনি এলাকা থেকে জয়ী হন কাওয়াস। তিনি রিপাবলিকান প্রার্থী হান খোন তোকে ৭৪ দশমিক ৫ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তার নির্বাচনি এলাকায় উত্তর-পশ্চিম কুইন্সের বড় একটি আরব জনগোষ্ঠীর বসবাস। জয়ের পর নিউইয়র্কের একটি বারে ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) কয়েকশ নেতাকর্মী ও সমর্থকের সামনে কাওয়াস বলেন, ‘আপনারা নিউইয়র্ক সিনেটের ইতিহাসে প্রথম ফিলিস্তিনিকে নির্বাচিত করেছেন। ’ এ সময় সমর্থকেরা ‘আবের! আবের!’ এবং ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। তার পরনে ছিল ঐতিহ্যবাহী ফিলিস্তিনি সূচিকর্ম ‘তাতরিজ’ করা ব্লেজার। নিউইয়র্কের বর্তমান মেয়র জোহরান মামদানি অঙ্গরাজ্যের আইনসভায় দায়িত্ব পালনের সময় কাওয়াসের সঙ্গে কাজ করেছেন। নির্বাচনে মামদানি ও ডিএসএর সমর্থনও পেয়েছেন তিনি। প্রচারে সাশ্রয়ী আবাসন, স্বাস্থ্যসেবা ও গণপরিবহনের পাশাপাশি ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায়। কাওয়াস জানিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান বজায় রেখে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে শুরুতে তার সংশয় ছিল। তবে মামদানির রাজনৈতিক অভিজ্ঞতা এবং পরিবর্তিত পরিস্থিতি তাকে সাহস জুগিয়েছে। শৈশবের অভিজ্ঞতা থেকে রাজনীতিতে ঃ কাওয়াসের বাবা-মা দুজনই ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন। ১৯৪৮ সালে তার বাবা এবং ১৯৬৭ সালে মা নিজ বাড়িঘর ছাড়তে বাধ্য হন। পরে জর্ডানে তাদের পরিচয় ও বিয়ে হয়। ১৯৯০-এর দশকে শিশুপুত্রকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তারা। চার সন্তানের মধ্যে কাওয়াস তৃতীয়। তার রাজনৈতিক জীবনের অনুপ্রেরণার পেছনে রয়েছে শৈশবের কঠিন অভিজ্ঞতা। সপ্তম শ্রেণিতে পড়ার সময় যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসের হাতে তার বাবা আটক হন। এতে পরিবারটি আর্থিক ও পারিবারিক সংকটে পড়ে। বাবার আটক থাকার সময় পরিবারের সদস্যদের নিয়মিত কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করতে হতো। কৈশোরেই পরিবারের অভিজ্ঞতা তুলে ধরতে নিউইয়র্কের অ্যালবানিতে আইনপ্রণেতাদের কাছে গিয়েছিলেন কাওয়াস। কাগজপত্রহীন অভিবাসী শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ বাড়ানোর দাবিও জানান তিনি। আইনপ্রণেতাদের কাছ থেকে তেমন সাড়া না পেলেও এই অভিজ্ঞতা তাকে অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত হতে অনুপ্রাণিত করে। প্রথম লক্ষ্য ইসরায়েলি বসতিতে অর্থায়ন বন্ধ ঃ সিনেটর হিসেবে দায়িত্ব নেওয়ার পর কাওয়াসের প্রথম অগ্রাধিকার ‘নট অন আওয়ার ডাইম!’ বিলটি আবার উত্থাপন ও পাসের উদ্যোগ নেওয়া। ২০২৩ সালে জোহরান মামদানির সঙ্গে কাজ করে বিলটি তৈরি করেছিলেন তিনি। এর লক্ষ্য, অধিকৃত ফিলিস্তিনি ভূখ-ে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের কর্মকা-ে নিউইয়র্কের অলাভজনক প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন বন্ধ করা। আগে বিলটি প্রত্যাখ্যাত হলেও নতুন করে তা সিনেটে উত্থাপন করা হয়েছে। তবে ফিলিস্তিনের পক্ষে তার অবস্থান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে কতটা প্রভাব ফেলতে পারবে, তা নিয়ে সংশয় রয়েছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক সামি সুলায়মানের মতে, যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে দেওয়া সহায়তা বন্ধে এই রাজনৈতিক শক্তি কতটা কাজে লাগানো যায়, সেটিই হবে বড় পরীক্ষা। কাওয়াসও স্বীকার করেছেন, আইনসভায় ডিএসএ এখনো সংখ্যালঘু। তাই বিল পাসের ক্ষেত্রে নেতৃত্বের রাজনৈতিক সদিচ্ছা গুরুত্বপূর্ণ হবে। তিনি মনে করেন, জনগণের সম্মিলিত শক্তির মাধ্যমেই পরিবর্তন সম্ভব। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসনব্যবস্থা অবসানের আন্দোলনের উদাহরণ টেনে কাওয়াস বলেন, জনগণের সমর্থনই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি এবং তাকে জনগণের কাছেই জবাবদিহি করতে হবে। তথ্যসূত্র: আল জাজিরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button