কয়েক হাজার রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

োপ্রবাহ রিপোর্ট ঃ সাড়ে ৬ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠাবে মালয়েশিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) মালয়েশিয়ার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এ কথা জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এমন এক সময়ে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠানোর ঘোষণা এলো, যার পাঁচ দিন আগে দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এই গোষ্ঠীকে নিয়ে একটি রায় দিয়েছে। রায়ে বলা হয়, রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের দীর্ঘদিন ধরে নিরাপদ আশ্রয় দিয়ে এলেও তাদের নিয়ে ক্রমেই হতাশ হয়ে পড়ছে মালয়েশিয়া। দেশটির দাবি, তাদের আশ্রয় দেওয়া এখন আর্থিক বোঝা ও নিরাপত্তা ঝুঁকিতে পরিণত হয়েছে। গত সেপ্টেম্বরের শেষদিকে মিয়ানমারে প্রায় দেড় হাজার অভিবাসীকে ফেরত পাঠানো হয় একটি অস্বচ্ছ প্রক্রিয়ায়, যা নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে উদ্বেগ রয়েছে। মঙ্গলবার মালয়েশিয়ার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে আনোয়ার ইব্রাহিম জানান, ৬-৭ ডিসেম্বর তিনটি নৌবাহিনীর জাহাজে করে ১ হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে ফেরত পাঠানো হবে। তিনি বলেন, ডিসেম্বর মাসে মিয়ানমার সরকারের খরচে উড়োজাহাজে করে ৫ হাজার ৩০৩ জনকে ফিরিয়ে নেওয়া হবে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, আগস্ট মাস পর্যন্ত মালয়েশিয়ায় ইউএনএইচসিআরে নিবন্ধিত শরণার্থী ও আশ্রয়প্রার্থীর সংখ্যা ২ লাখ ২৫ হাজার ৭৪০ জন। যাদের প্রায় ৯০ শতাংশই মিয়ানমারের নাগরিক। জাতিসংঘের সর্বোচ্চ আদালত গত সপ্তাহে রায় দিয়েছে, মিয়ানমার কিংবা মিয়ানমারের বাইরে বাস্তুচ্যুত শরণার্থীদের ‘নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুমতি ও তা সহজতর’ করতে হবে মিয়ানমার কর্তৃপক্ষকে। মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনা সত্ত্বেও গত মাসে মিয়ানমারের সাবেক জান্তা প্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইংকে আতিথেয়তা দেয় মালয়েশিয়া। সংস্থাগুলোর আশঙ্কা ছিল, এই পদক্ষেপ মিয়ানমারের সরকারকে বৈধতা দেওয়ার ঝুঁকি তৈরি করবে এবং ফেরত পাঠানো ব্যক্তিদের জন্য বিপদ ডেকে আনবে। আনোয়ার ইব্রাহিম বলেন, মিয়ানমারের সাবেক নেতার সঙ্গে তার যোগাযোগ ছিল মালয়েশিয়ার স্বার্থরক্ষার প্রচেষ্টার অংশ এবং তা আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যার লক্ষ্য হলো নির্যাতন থেকে পালিয়ে আসা ব্যক্তিদের ‘নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা’। তিনি স্বীকার করেন, মালয়েশিয়ায় থাকা অনেক আশ্রয়প্রার্থী ‘মিয়ানমার সরকারের চালানো নৃশংসতার শিকার’। তবুও তিনি বলেন, মালয়েশিয়ার পক্ষে আর শরণার্থীদের আশ্রয় দেওয়া সম্ভব নয় এবং তৃতীয় কোনো দেশে তাদের পুনর্বাসনের আশাও কাজে লাগেনি। গত মাসের শেষদিকে মালয়েশিয়া জানায়, সম্প্রতি দেশে ফেরত পাঠানো শত শত অভিবাসীকে সামরিক হেফাজতে রাখা হয়েছে– এমন খবরের বিষয়ে তারা মিয়ানমারের কাছে ব্যাখ্যা চাইবে। ব্যাখ্যা চাওয়ার সেই অনুরোধের কথা উল্লেখ না করলেও আনোয়ার ইব্রাহিম বলেন, রোহিঙ্গা ও অন্যান্য জাতিগোষ্ঠী নিয়ে উদ্বেগের বিষয়ে মালয়েশিয়া তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে, যা আইসিজের রায়েও গুরুত্ব পেয়েছে। জাতিসংঘের তথ্যমতে, মালয়েশিয়ায় থাকা মিয়ানমারের ১ লাখ ৯০ হাজার শরণার্থী ও আশ্রয়প্রার্থীর দুই-তৃতীয়াংশই মুসলিম রোহিঙ্গা। যাদের ‘বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু’ হিসেবে বর্ণনা করা হয়। সূত্র: আল জাজিরা।



