স্থানীয় সংবাদ

মনিরামপুরে ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পানির তীব্র সংকটে

মোঃ আব্বাস উদ্দীন, মণিরামপুর (যশোর) প্রতিনিধি ঃ গ্রীষ্মের সীমাহীন খরতাপে জমিন পুড়ে ছারখার! ভ্যাপসা অসহ্য গরম ও তাপদাহে সমস্ত প্রাণিকুলের ত্রাহি ত্রাহি অবস্থা! বোরো ধান কাাটার এই সময়ে এমন বৈরি আবহাওয়ায় খেত শ্রমিকরা বেশ কষ্ট ভোগ করছে। বিগত বর্ষা মৌসুমের পর থেকে বৃষ্টির কোন দেখা নেই! দীর্ঘ অনাবৃষ্টি ও খরার কবলে সারা দেশের ন্যায় যশোরের মণিরামপুর উপজেলার সকল পথ-ঘাট, মাঠ-প্রান্তর, ফসলের ক্ষেত, বৃক্ষ, তরু-রাজি তীব্র তাপদাহে পুড়ছে। দাবানলের ন্যায় মাঠ-ঘাট পুড়ে জমিন হয়ে গেছে অনেকটা তামাটে। প্রায় সকল জলাধার শুকিয়ে মরুজ ভূমিতে পরিণত হবার প্রায় উপক্রম। অধিকাংশই পুকুর-ডোবা, দিঘি, খাল-বিল, নদী-নালা, হাওড়-বাঁওড়ে পানি নেই! সেচযন্ত্র দ্বারা ভূ-গর্ভস্থ্য পানি উত্তোলন করে কৃষি কাজে সেচ দিয়ে কৃষকরা এখন ফসল ফলাচ্ছে। সমস্ত কৃষি সেক্টর এখন সেচ নির্ভর হয়ে পড়েছে। এ ক্ষেত্রে ভূ-গর্ভস্থ্য পানির স্তর সম্প্রতি অস্বাভাবিকভাবে নিচে নেমে যাওয়ায় বেশিরভাগ গভীর, অগভীর নলকূপ অকেজো হয়ে পড়ায় সেচ কাজও অনেকাংশে ব্যহত হচ্ছে। তাই চাষাবাদের ক্ষেত্রে কৃষকরা পড়েছে মহাবিপাকে! এদিকে বহু সুপেয় পানির গভীর ও অগভীর নলকূপ দিয়ে এখন আর পানি উঠছে না। সুতরাং খাবার পানি এবং গোসলের পানিরও তীব্র সংকট দেখা দিয়েছে। খোঁজ খবর নিয়ে জানা গেছে, উপজেলার প্রত্যন্ত এলাকায় বিশেষ করে পশ্চিমাঞ্চলের রোহিতা, কাশিমনগর, খেদাপাড়া, ঝাঁপা, মশ্মিমনগর, চালুয়াহাটী ও শ্যামকূড় ইউনিয়ন এবং পৌর এলাকার অনেক পুকুর-ডোবা ও খাল-বিল শুকিয়ে গেছে। বহু গভীর ও অগভীর নলকূপে পানি উঠছে না। ফলে জনজীবনে পানি ও জলের সীমাহীন সংকটে চরম দুর্ভোগ নেমে এসেছে। উপজেলার শ্যামকূড় ইউনিয়নের হালসা গ্রামের হাসান আলী সরদার জানান, তাদের প্রায় ১০ ফুট গভীরের সান বাঁধানো পুকুরটির পানি অনেক আগেই শুকিয়ে গেছে। পুকুরের তলদেশ ফেঁটে চৌচির হয়ে গেছে। এই পুকুরে সারা বছর পানি থাকায় গ্রামের বহু মানুষ গোসল ও রান্নার কাজে পুকুরটি ব্যবহার করে আসছে। কিন্তু চলতি বছর সীমাহীন খরা ও অনাবৃষ্টির দরুণ পুকুরে কোন পানি না থাকায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন। মণিরামপুর পৌর শহরের দূর্গাপুর, স্বরুপদাহ, জুড়ানপুর, গাংড়া, মহাদেবপুর, জয়নগর, হাকোবা, তাহেরপুর, মোহনপুর, বিজয়রামপুর ও কামালপুরসহ বিভিন্ন গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে বলে জানা গেছে। দু’একটি বাড়িতে ভ্যাটিক্যালযুক্ত টিউবওয়েল থাকলেও সেখানে পানি নেয়ার জন্য দীর্ঘ লাইন জমাচ্ছেন গৃহবধূরা। সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, মণিরামপুর উপজেলার গ্রামীণ জনপদে পুকুর-১০ হাজার ৬৪৩টি, খাল-১২টি, বিল-১৩টি, বাঁওড়-৭টি, নদী-৩টিসহ বহু মৎস্যঘের, হ্যাচারি, নার্সারী রয়েছে। উপজেলার মোট মাছের চাহিদার মধ্যে পুকুর থেকে মাছ উৎপাদন হয় ৮হাজার ৩’৮৭ মেঃ টন। যা ব্যক্তি বা পরিবারের পুষ্টি চাহিদার ক্ষেত্রে সহায়তা করে আসছে। কিন্তু চলতি বছর অনাবৃষ্টি ও খরার কারণে অধিকাংশ পুকুর ও খাল-বিলে পানি না থাকায় আমিষের চাহিদা পুরণে যেমন ব্যত্যয় ঘটেছে, পাশাপাশি গ্রামীণ জনপদের মানুষের পানিও জলের সংকট দেখা দেওয়ায় জনজীবনে বিপর্যয় নেমে এসেছে বলে জানালেন উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মাদ সাইদুর রহমান রেজা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button