দেড় মাস পর পিতাকে খুঁজে পেল সাত বছরের শিশু ইয়ামিন

খুলনায় অদম্য পুলিশ
স্টাফ রিপোর্টারঃ পুলিশের অদম্য প্রচেষ্টায় হারিয়ে যাওয়ার দেড় মাস পর পিতাকে ফিরে পেল সাত বছরের শিশু মোঃ ইয়ামিন। গত ৮ মে সন্ধ্যায় নারায়নগঞ্জে খুঁজে পায় শিশুর বাড়ি এবং তাকে তার বাবার জিম্মায় দিয়ে আসে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৯ মার্চ কমলাপুর রেলওয়ে স্টেশন হতে ট্রেনে উঠে মোঃ ইয়ামিন(৭) নামে একটি শিশু সন্ধ্যায় খুলনা রেলওয়ে স্টেশনে এসে পৌছায়। এরপর সে খুলনা নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ১৯ মার্চ রাত ৯টায় গল্লামারী এলাকায় কান্নাকাটি করতে থাকলে পথচারীরা হরিণটানা থানা পুলিশকে বিষয়টি জানায়। হরিণটানা থানা পুলিশ সেখানে হাজির হয়ে ইয়ামিনকে জিজ্ঞাসাবাদ করে। তার বাড়ি কমলাপুর রেলওয়ে স্টেশনের আশপাশে। তখন শিশুটিকে এসআই(নি:) মোঃ মাসুম বিল্লাহ হরিণটানা থানা নিয়ে আসে। পরবর্তীতে থানা পুলিশ কমলাপুর রেলওয়ে স্টেশনের আশপাশের থানাসমূহে যোগাযোগ করেও শিশুটির কোন অভিভাবকের সন্ধান না পেয়ে বটিয়াঘাটা উপজেলা সমাজসেবা অফিসারকে বুঝিয়ে দেয়। তিনি শিশু ইয়ামিনকে ২০ মার্চ বটিয়াঘাটাস্থ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের বালক হোস্টেলে রাখেন। এরপর পুলিশ এবং সমাজসেবা অফিসার শিশুটির অভিভাবকের সন্ধানে ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে এবং কমলাপুর রেলওয়ে স্টেশনের আশপাশসহ ডিএমপি’র বিভিন্ন থানায় যোগাযোগ অব্যাহত রাখে। পরবর্তীতে শিশুটি জানায়, তাকে কমলাপুর রেলওয়ে স্টেশনে নিয়ে গেলে তার বাড়ি চিনিয়ে দিতে পারবে। সেই মোতাবেক কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হকের নির্দেশে হরিণটানা থানা পুলিশ, সমাজসেবা অফিসার এবং শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের পাঁচ সদস্যের টিম গত ৮ মে সকাল ৬টায় শিশু মোঃ ইয়ামিনকে নিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা করে। অত:পর কমলাপুর রেলওয়ে স্টেশনে শিশু মোঃ ইয়ামিনকে নিয়ে এসআই মোঃ মাসুম বিল্লাহের নেতৃত্বে উক্ত টিমের সদস্যরা সকাল ১১টায় বিভিন্ন ভাবে আশপাশের এলাকায় শিশুটির পরিবারের সন্ধান করতে থাকে। পরবর্তীতে দুপুর ১টায় ইয়ামিন কমলাপুর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা নারায়নগঞ্জ রুটের একটি ট্রেন দেখিয়ে বলে, এই ট্রেন যেখান থেকে আসছে তাকে সেখানে নিয়ে গেলে সে তার বাড়ি চিনিয়ে দিতে পারবে। তখন তারা শিশুটিকে নিয়ে নারায়নগঞ্জ রুটের উক্ত ট্রেনে করে নারায়নগঞ্জের উদ্দেশ্যে রওনা করে। পথিমধ্যে উক্ত ট্রেনের একজন যাত্রী শিশুটিকে দেখে তার বাড়ি নারায়নগঞ্জের ফতুল্লা থানাধীন লালপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে মর্মে জানায়। তখন টিমের সদস্যরা শিশুটিকে নিয়ে ট্রেন হতে ফতুল্লা রেল স্টেশনে নেমে লালপুর গ্রামের উদ্দেশ্যে রওনা করে। তারা শিশু মোঃ ইয়ামিনকে নিয়ে লালপুর গ্রামের তার বাড়িতে হাজির হলে মাতৃহীন শিশু মোঃ ইয়ামিন তার পিতাকে বাড়িতে পেয়ে বাবা তার বুকের ধন ইয়ামিনকে বুকে জড়িয়ে ধরলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তখন শিশুটির প্রতিবেশীরাসহ তার বাড়ির আশপাশের খেলার সাথীরা তাকে দীর্ঘদিন পর কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে। উক্ত টিমের সদস্যরা শিশু মোঃ ইয়ামিনকে তার পিতার জিম্মায় প্রদান করে খুলনায় ফিরে আসে। ভুমিষ্ট হওয়ার পর পরই শিশু মোঃ ইয়ামিনের মা মারা যায়। তার বাবা মোঃ সাইফুল ইসলাম আর বিবাহ করেননি। মা বিহীন এই ভূবনে সে তার বাবাসহ চাচা ফুফুদের সাথে ঐ নিভৃত পল্লীতে থাকে। শিশুটির বাবা গরীব পরিবহন শ্রমিক হওয়ায় তার তেমন খোঁজ খবর রাখে না। শিশুটি তার মাকে খুঁজতে খুঁজতে সে না কি প্রায়ই বাড়ী হতে নিরুদ্দেশ হয়। কারণ তার শিশু সুলভ মন আজো বিশ্বাস করতে পারেনি যে তার মা পৃথিবীতে আর নেই।



