খুলনায় কাল থেকে ভর্তুকি মূল্যে তিনটি পণ্য বিক্রি করবে টিসিবি ঃ প্যাকেজ মূল্য ৪১০ টাকা

স্টাফ রিপোর্টার ঃ ফ্যামিলি কার্ডসহ একজন সর্বোচ্চ দু’ লিটার সয়াবিন তেল, এক কেজি মসুর ডাল এবং পাঁচ কেজি চাউল কিনতে পারবেন। কাল বুধবার থেকে খুলনানগরীতে কার্ডধারী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে তিনটি পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারদের মাধ্যমে। ফ্যামিলি কার্ডসহ একজন সর্বোচ্চ দু’ লিটার সয়াবিন তেল, এক কেজি মসুর ডাল এবং পাঁচ কেজি চাউল কিনতে পারবেন। এ ক্ষেত্রে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০০ টাকা, মসুর ডালের কেজি ৬০ টাকা ও চালের দাম ৩০ টাকা কেজি। ডিলারদের দোকান বা নিজ নিজ এলাকায় নির্ধারিত স্থান থেকে পণ্য কিনতে পারবেন কার্ডধারীরা। এবার ৪১০ টাকার প্যাকেজে তিনটি পন্য দেয়া হবে। ইতোমধ্যে বিতরণের দিন তারিখসহ ডিলারদের নাম ঠিকানা সম্বলিত তালিকা প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরের নিকট প্রেরণ করা হয়েছে বলে কেসিসির এষ্টেট অফিসার মোঃ নুরুজ্জামান তালুকদার জানান। সে মতে, ফ্যামিলী কার্ডের বিপরীতে তালিকা অনুযায়ী আগামীকাল বুধবার ১৫ মে ২৮,২৯,৩০ ও ৩১নং ওয়ার্ডে টিসিবি পণ্য বিক্রি করা হবে। একইভাবে ১৬ মে ২৪,২৫,২৬ ও ২৭নং ওয়ার্ডে, ১৮ মে ২০,২১,২২ ও ২৩নং ওয়ার্ডে, ১৯ মে ১৬,১৭,১৮ ও ১৯নং ওয়ার্ডে, ২০মে ১২,১৩,১৪ও ১৫নং ওয়ার্ডে, ২১ মে ৮,৯,১০ ও ১১নং ওয়ার্ডে, ২৩মে ৪,৫,৬ ও ৭নং ওয়ার্ডে, ২৫ মে ১, ২ ও ৩নং ওয়ার্ডে টিসিবি পণ্য বিক্রি করা হবে। এছাড়া করোনাকালিন প্রধানমন্ত্রী তহবিল থেকে বিকাশের মাধ্যমে যারা নগদ অর্থ সহযোগিতা পেয়েছিলেন তাদের মধ্যে আগামী ২৫ মে ১ থেকে ১৫ নং ওয়ার্ড পর্যন্ত একযোগে এবং ২৬ মে ১৬ থেকে ৩১ নং ওয়ার্ড পর্যন্ত একযোগে টিসিবি পণ্য বিক্রি করা হবে।



