শেখ হাসিনা সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে

# চেক বিতরণকালে সেখ জুয়েল এমপি #
স্টাফ রিপোর্টার ঃ ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ১১৪ জন অসহায় গরীব রোগীদের ৫৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। পাশাপাশি ২০২৩-২৪ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় নির্বাচনী এলাকা ভিত্তিক বিশেষ বরাদ্দ নির্বাচনী এলাকা খুলনা-২ এর অনুকূলে বরাদ্দকৃত ৭১টি প্রতিষ্ঠানের মাঝে ৭১ লাখ ৩৩ হাজার তিনশত ৩৩ টাকার চেক বিতরণ করা হয়। সোমবার (১৩ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। সহজে মানুষ সরকারি সকল সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারছেন। ভূমিহীন পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। অসহায় মানুষের চিকিৎসা সহায়তা দিচ্ছেন। মানুষকে এখন আর না খেয়ে থাকতে হয় না। দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা ফ্রিতে লেখাপড়া গ্রহণ করতে পারছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দারিদ্র মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ অনেক এগিয়ে গেছে। পদ্মাসেতু, কর্নফুলি টানেল, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ও মেট্রোরেল তারই উদাহরণ। এই সরকার মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা, প্রতিবন্ধী, বয়স্ক ও মাতৃত্বকালীনসহ সকল ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে।
খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে এবং ক্রীড়া ভাষ্যকর ড. সাঈদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুসেইন খাঁন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মো. আব্দুল করিম, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আইনাল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চৌধুরী রায়হান ফরিদ, মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মো. আবু হানিফ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এ নাসিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল প্রমুখ। খুলনা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।



