শিক্ষকদের অংশগ্রহনে পলিথিনমুক্ত বাংলাদেশ গড়তে সচেতনতামুলক কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি ঃ ২০মে সোমবার বিকাল ৪টায় পরিবর্তন-খুলনার আয়োজনে, আমেরিকান কর্নারের সহযোগিতায় পলিথিন ও প্লাষ্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জনসচেতনতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো: শেখ রফিকুল ইসলাম, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক পরিবর্তন-খুলনার এম.নাজমুল আজম ডেভিড, ফারজানা রহমান সমন্বয়কারী আমেরিকান কর্নার তানজিম খান, শিরিন পারভীন, সমন্বয়কারী পরিবর্তন-খুলনাসহ বিভিন্ন স্কুলের শিক্ষক মন্ডলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অজন্তা দাস, সভাপতি পরিবর্তন-খুলনা। বক্তারা বলেন আমাদের বাংলাদেশের পরিবেশ কয়েক বছর ধরে চরম বিপর্যয়ের মুখে রয়েছে। পরিবেশের বিরূপ প্রভাব বিস্তারকারী নানা ধরনের উপাদানের কারণে বর্তমানে আমাদের পরিবেশ এখন প্রায় ধ্বংসের মুখে। দিন যতই গড়িয়ে যাচ্ছে, ততই প্রভাব পরছে আমাদের প্রকৃতির ওপর। নানামুখী চাপে আজ পরিবেশ বিপর্যস্ত। তার মধ্যে রয়েছে আবার আমাদের হাতে পরিবেশ ধ্বংসকারী নানান প্রকারের বস্তু, যেমন প্লাস্টিক, পলিথিন, পানি শোষণকারী বিদেশি জাতের পরিবেশ ধ্বংসকারী বিভিন্ন রকম গাছ, কার্বন নিঃসরণকারী নানামুখী প্রকল্প, গাড়ির কালো ধোঁয়াসহ আরও বিভিন্ন উপাদান। আর এ সবকিছুর মধ্যে পরিবেশ বিপর্যয়ের জন্য বিশেষ ভূমিকা রাখছে অপচনশীল বস্তু, যেমন প্লাস্টিকের বিভিন্ন ধরনের পণ্য ও পলিথিন। বিজ্ঞানীরা মনে করেন এই প্লাস্টিক ও পলিথিন যতভাবেই প্রক্রিয়া করা হোক না কেন, তা সহজে পচন হয় না। এই বস্তু যদি মাটির নিচে পড়ে তাহলে ওখানে পচতে সময় লাগবে সাড়ে ৪০০ থেকে ৫০০ বছর। এই যদি হয় পরিস্থিতি, তাহলে মাটির নিচে গেলেও ধ্বংস করছে এই পলিথিন ও প্লাস্টিক বর্জ্য মাটির স্বাভাবিক স্তরকে। তাই এখনই প্রয়োজন নিষিদ্ধ পলিথিনের ব্যবহার কঠোরভাবে বন্ধ করা। এর উৎপাদন থেকে শুরু করে ব্যবহারকারী পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনতে হবে। অবৈধ পলিথিন কারখানা সিলগালা করতে হবে। পলিথিনের বিকল্প হিসেবে কাগজ বা পাটের ব্যবহার বাড়াতে হবে। পলিথিনের ব্যবহার বন্ধ করা গেলে হয়তো পাটকলগুলোকে রক্ষা করা যাবে। পলিথিন ও প্লাস্টিকের কাঁচামাল আমদানি ও উৎপাদনের যথার্থতা নিরূপণ ও নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সবাইকে আরও কঠোর হতে হবে। প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সক্ষমতা ও দক্ষতা বাড়ানো জরুরি।



