ঘূর্ণিঝড় আতঙ্কে উৎকণ্ঠায় রাত কেটেছে খুলনার উপকূলবাসীর

# কেসিসির কর্মকর্তা-কর্মচারিদের ছুটি বাতিল, খুলেছে ফায়ার সার্ভিসের মনিটরিং সেল, মাঠে ৩০ টিম #
স্টাফ রিপোর্টার ঃ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড় ‘রিমালে’ রূপান্তর হয়ে ধেয়ে আসছে উপকূলে। যার কারণে শনিবার আতঙ্কে-উৎকণ্ঠায় রাত পার করেছেন খুলনাঞ্চলের উপকূলের লাখ লাখ বাসিন্দা। কেসিসির ঝড় মোকাবেলায় নিয়েছে নানা প্রস্তুতি। করেছে তারা জরুরী সভা করে ছুটি বালিত ঘোষণা করেছেন মেয়র। ফায়ার সার্ভিস গঠন করেছে মনিটরিং সেল। রোববার সকাল থেকে মেঘলা আকাশ আবার কখনও রোদের ঝিলিক, দমকা হাওয়া কখনও গুঁড়িগুঁড়ি বৃষ্টি। সবমিলিয়ে এখানে একটা গুমোট আবহাওয়া বিরাজ করছে। বিকেল থেকে শুরু হয় বৃষ্টি। এতে উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছে উপকূলীয় মানুষের মধ্যে। বিশেষ করে খুলনার কয়রা, পাইকগাছা, দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা, বাগেরহাটের মোড়েলগঞ্জ, শরণখোলা ও মোংলা, সাতক্ষীরার শ্যামনগরসহ বেশ কয়েকটি উপজেলার মানুষ। ঝড়ের খবরে দুশ্চিন্তায় রয়েছেন এসব এলাকার মানুষ। শনিবার রাতে মোংলা বন্দরে ৭ নম্বর বিপৎসংকেত ঘোষণার পরে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা এলাকায় আতঙ্ক বাড়ে। সঙ্গে সঙ্গে এসব উপকূল এলাকায় ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় মানুষকে সচেতন করার লক্ষ্যে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হয়। মানুষদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এসব এলাকায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে দক্ষিণ উপকূলীয় এলাকার অধিকাংশ বেড়িবাঁধই দুর্বল। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে, খুলনার দাকোপ, বটিয়াঘাটা, পাইকগাছা, কয়রার ৬৩০ কিলোমিটারের মধ্যে মাত্র ১০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। আর সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর আওতায় বেড়িবাঁধ রয়েছে ৩৮০ কিলোমিটার। এর মধ্যে ৩০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। বারবার বাঁধ ভাঙায় উপকূলবাসী সংকেত পেলেই আতঙ্কে থাকেন। খুলনা ও সাতক্ষীরা উপকূলীয় এলাকায় ২০০৯ সালের ২৫ মে আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা। আইলার সেই ক্ষত কাটিয়ে ওঠার আগেই ২০১৩ সালের ১৬ মে মহাসেন, ২০১৫ সালের ৩০ জুলাই কোমেন, ২০১৬ সালের ২১ মে রোয়ানু, ২০১৭ সালের ৩০ মে মোরা, ২০১৯ সালের ৪ মে ফণী, একই বছরের ১০ নভেম্বর বুলবুল আঘাত হানে। ২০২০ সালের ২০ মে আম্পান, ২০২১ সালের ২৬ মে আঘাত হানে ঘূর্ণিঝড় ইয়াস। ২০২২ সালের ১২ মে আসনি, এরপর একই বছরের ২৫ অক্টোবর সিত্রাং এবং সর্বশেষ ‘মোখা’ আঘাত হানে। এসব ঘূর্ণিঝড়ের সময় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় কয়রা, দাকোপ, আশাশুনি ও শ্যামনগর উপজেলার কয়েকটি ইউনিয়ন। যার ক্ষত এখনও শুকায়নি। সর্বশেষ উপকূলে ঘূর্ণিঝড় রিমালের আঘাত হানার আশঙ্কা দেখা দিয়েছে। উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বেড়িবাঁধের অনেক জায়গা দিয়ে চুঁইয়ে পানি ঢুকছে বলে জানা যায়। সুভদ্রাকাটি এলাকার একটি জরাজীর্ণ বাঁধ গভীর রাতে স্বেচ্ছাশ্রমে এলাকাবাসী মেরামত করেন। পানি উন্নয়ন বোর্ড থেকে সেখানে জিও ব্যাগের ব্যবস্থা করা হয়। আর এলাকাবাসী জিও ব্যাগে মাটি ভরে রাস্তা সংস্কার করেন। যেকোনো সময় দুর্বল বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ এলাকা। এমন আশঙ্কা নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে খুলনা জেলার কয়রা, দাকোপ, পাইকগাছা, সাতক্ষীরা জেলার শ্যামনগর, আশাশুনির ও বাগেরহাট উপকূলের মানুষ। কয়রা উপজেলার মদিনাবাদ এলাকার এমদাদুল হক বলেন, ঝড় আসতেছে আঙ্গা কয়রা উপজেলার ৫ নম্বর ইউনিয়নের ২ নম্বর কয়রার খালের গোড়ার আবদ্দার বেড়িবাঁধের অবস্থা খুবই খারাপ। গাঙের জোয়ার বড় হলে বা ঝড় এলে আমরা এলাকাবাসী খুবই চিন্তায় থাকি। জানি না কখন নদী ভেঙে পানি চলে আসে। কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আছের আলী মোড়ল জানান, তার ইউনিয়নের ঘড়িলাল থেকে চরামুখা খেয়াঘাট, খেয়াঘাট থেকে হলদিবুনিয়া পর্যন্ত বেশি ঝুঁর্কিপূর্ণ। আতঙ্কের কথা জানিয়ে কয়রা উপকূলের বাসিন্দা মজিবর রহমান বলেন, ‘মে মাস এক আতঙ্কের নাম। গত বছরের ঝড়ে আমার বাড়ির সব ভেসে গিয়েছিল। কোনও রকমে এখন ঠিক করে বাস করছি। আবার আসতেছে। ঝড় এলে পরিবার নিয়ে স্কুলে গিয়ে উঠি। ঝড় আমাদের নিত্যসঙ্গী। প্রতি বছরই আসে, বাঁধ ভাঙে, ঘরবাড়ি নিয়ে যায়। গ্রামের সবাই মিলে ঠিক করি। এবারও ঘরবাড়ি হারানোর আতঙ্কে আছি।’ কয়রা সবুজ আন্দোলনের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। বেড়িবাঁধের উচ্চতা বাড়াতে না পারলে উপকূলীয় অঞ্চলে দীর্ঘমেয়াদি ক্ষতি বাড়তেই থাকবে। কয়রার বাঁধগুলোর উচ্চতা আরও অন্তত ১০ ফুট বাড়ানো উচিত।’ কয়রার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সালাম খান বলেন, ‘এতকাল যত দুর্যোগ এসেছে, অধিকাংশই মে মাসে। এজন্য মে মাস এলেই আতঙ্কে থাকেন উপকূলবাসী। ঘূর্ণিঝড় না হলেও এ সময় নদীর পানি বেড়ে বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা থেকেই যায়। বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতি আছে। প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও সমস্যা রয়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধ সময়মতো মেরামতের উদ্যোগ নিলে কম খরচ ও কম সময়ের মধ্যে মানসম্মত কাজ করা সম্ভব। কিন্তু বর্ষার আগ মুহূর্তে জোয়ারের পানি বাড়লে পাউবো কর্তৃপক্ষ বাঁধ মেরামতের উদ্যোগ নেয়। এতে একদিকে খরচ বাড়ে, অন্যদিকে তড়িঘড়িতে কাজ হয় নি¤œমানের। ফলে উপকূলে ঝুঁকি কমছে না, বরং বাড়ছে।’ সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মো. সালাউদ্দিন বলেন, আমাদের আওতায় বেড়িবাঁধ রয়েছে ৩৮০ কিলোমিটার। এর মধ্যে ৩০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। তবে গাবুরায় মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে। কিছু জায়গায় সমস্যা রয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো সমস্যা হলে সেজন্য কাজ করার সুযোগ রয়েছে। খুলনা পানি উন্নয়ন বোর্ড (বিভাগ-২) এর নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল আলম বলেন, আমার এরিয়ার মধ্যে ৬৩০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ১০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ রয়েছে। এছাড়া তাৎক্ষণিক কোনো সমস্যা হলে জরুরি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য ৬০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। যাতে পরিস্থিতি অনুযায়ী ঝুঁকিপূর্ণ লোকজন সেখানে আশ্রয় নিতে পারেন। এসব সাইক্লোন শেল্টারে মোট ৩ লাখ ১৫ হাজার ১৮০ জন মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া ৩টি মুজিব কিল্লায় ৪৩০ জন মানুষ আশ্রয় ও ৫৬০টি গবাদি পশু রাখা যাবে। কয়রা, দাকোপ ও পাইকগাছা উপজেলায় ৫ হাজার ২৮০ জন স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে ঘুর্নিঝড় মোকাবেলায় খুলনা সিটি কর্পোরেশন রবিবার দুপুরে নগরভবনে এক জরুরী সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিটি মেয়র তালুকদার আঃ খালেক। সভায় ঝড় স্বাভাবিক না হওয়া পর্যন্তÍ সকলকে অফিসে অবস্থান করার সিদ্ধান্ত হয়। একই সাথে ঝড়ের সময় সকল কর্মকতা-কর্মচারিদের ছুটি বালিত করেন মেয়র। যে কোন তথ্যের জন্য কেসিসি খুলেছে কন্ট্রোল রুম। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। একই সময় ঘুর্নিঝড়ের মোকাবেলায় সবাইকে প্রস্তুত থাকার জন্য নির্দেশনা দেন মেয়র। উল্লেখ্য, রিমাল প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। তাই পায়রা-মোংলায় ১০ নম্বর, চট্টগ্রাম-কক্সবাজার বন্দরে ৯ নম্বর মহাবিপৎসংকেত তোলা হয়েছে। রোববার এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস। এ অবস্থায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে সাত নম্বর বিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ১০ নম্বর মহাবিপৎসংকেতের আওতায় থাকবে। অন্যদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নি¤œচাপটি গভীর নি¤œচাপে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় রেমালে। ‘রেমাল’ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার উপকূলীয় এলাকায় চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা। খুলনা বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ এ বিষয়ে সার্বক্ষণিক নজরদারি করছে। রয়েছে স্পেশাল টিম। এছাড়া ঘূর্ণিঝড়-পূর্ব, ঘূর্ণিঝড় সময়কালীন এবং ঘূর্ণিঝড়-পরবর্তী সবে কাজ সমন্বয় করার জন্য খোলা হয়েছে বিভাগীয় মনিটরিং সেল। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টিম। সার্বিকভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে ফায়ার সার্ভিস। দুর্যোগপ্রবণ এলাকার জনসাধারণকে সচেতন, সতর্ক ও সাবধান করছে দুর্যোগপ্রবণ এলাকার ফায়ার স্টেশনগুলো। উপকূলীয় এলাকাসমূহের সকল ফায়ার স্টেশনের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করে সবাইকে সতর্ক ডিউটিতে রাখা হয়েছে। ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, দুর্যোগপ্রবণ এলাকার জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রতি ফায়ার স্টেশনে ফায়ারফাইটিং টিম, সার্চ অ্যান্ড রেসকিউ টিম, প্রাথমিক চিকিৎসাকারী দল এবং ওয়াটার রেসকিউ টিম প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনীয় সংখ্যক অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জামসহ অ্যাম্বুলেন্স, চেইন স’, হ্যান্ড স’, রোটারি রেসকিউ স’, স্প্রেডার, মেগাফোন, র্যামজ্যাক বা এয়ার লিফটিং ব্যাগ, ফাস্ট এইড বক্সসহ যাবতীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড়-পরবর্তী অনুসন্ধান ও উদ্ধারকাজসহ রাস্তাঘাট যান চলাচল উপযোগী করার কাজে ফায়ার সার্ভিস নিয়োজিত থাকবে। তাদের সাথে সহযোগিতা করবেন ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত ভলান্টিয়াররা। এসব এলাকায় জীবন ও মালামাল সুরক্ষা সংক্রান্ত যেকোনো কাজে দিবা-রাত্রি ২৪ ঘণ্টা ফায়ার সার্ভিসের সেবা গ্রহণ করা যাবে। সব আশ্রয়কেন্দ্রের পাশাপাশি প্রয়োজনে উপকূলবর্তী ফায়ার স্টেশনগুলোতেও সাধারণ জনগণ আশ্রয় নিতে পারবেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার উপ-পরিচালক মামুন মাহমুদ বলেন, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের ৩০টি টিম শনিবার সকাল ৬টা থেকে কাজ শুরু করেছে। এরমধ্যে খুলনায় ১৪টি ফায়ার স্টেশন রয়েছে। যার মধ্যে একটি রিভার ফায়ার স্টেশন আছে। এছাড়া বাগেরহাটে ১০টি এবং সাতক্ষীরায় ৬টি ফায়ার স্টেশনের টিম কাজ করছেন। টিমের সদস্যরা মানুষকে সচেতন করার পাশাপাশি রেসকিউ, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, নিরাপদে আশ্রয় কেন্দ্রে আনাসহ যাবতীয় কাজ করবে। জল ও স্থল উভয় পথে ফায়ার সার্ভিসের টিম এবং যাবতীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে। খুলনা সদরদপ্তরে স্ট্যান্ডবাই রাখা হয়েছে ২০ সদস্যের স্পেশাল টিম। খোলা হয়েছে মনিটরিং সেল। তিনি জানান, ফায়ার সার্ভিসের মনিটরিং সেল, বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ সারাক্ষণ সংবাদ সংগ্রহে নিয়োজিত থাকবে। যেকোনো জরুরি প্রয়োজনে সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের নিকটবর্তী ফায়ার স্টেশন, বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষ, কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের হটলাইন নম্বর ১৬১৬৩ অথবা খুলনা বিভাগীয় মনিটরিং সেল-এর জরুরি মোবাইল নম্বর ০১৭৩৩০৬২২০৯-এ ফোন করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া জরুরী প্রয়োজনে ১০২ এবং ৯৯৯ হটলাইনে কল করে তথ্য জানানো যাবে।



