স্থানীয় সংবাদ

খুমেক হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে ভুক্তভোগীর দেওয়া অভিযোগের প্রতিকার মেলেনি এক মাসেও

স্টাফ রিপোর্টার ঃ সরকারি হাসপাতাল থেকে পরীক্ষা-নিরীক্ষা করায় চিকিৎসা না দেওয়ার অভিযোগের দীর্ঘ এক মাসেও প্রতিকার পেলেন না এক ভুক্তভোগী। অভিযোগের ২৬ দিনের মাথায় গত পয়লা জুন অভিযোগকারীকে ফোন দিয়ে গতকাল সোমবার হাসপাতালে ডাকা হলেও দেড় ঘন্টা ঘোরাঘুরি করেও তদন্ত কমিটির কাছে বক্তব্য দিতে না পেরে ফিরে গেলেন ভুক্তভোগী মিন্টু মাতুব্বর। ঘটনাটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের। গত ৫ মে খুমেক হাসপাতালের পরিচালক বরাবর দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়, খুলনা মহানগরীর হাফিজ নগর এলাকার জনৈক মিন্টু মাতুব্বর তার স্ত্রী মাহমুদাকে নিয়ে গত ২৮ মার্চ খুমেক হাসপাতালের বহি:বিভাগের ৩১০ নম্বর কক্ষে গিয়ে ডাঃ মোঃ আলাউদ্দিন শিকদারকে দেখান। তিনি ওইদিন দেখার পর কিছু ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষা লিখে দেন। পরীক্ষাগুলো বাইরের একটি ডায়াগনষ্টিক সেন্টার থেকে করাতে বলা হলেও তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করিয়ে গত ২৫ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে উক্ত চিকিৎসকের কাছে ৩১০ নম্বর কক্ষে গেলে সামনে থাকা আউটসোর্সিং কর্মচারী তাকে জানান,‘ এখন স্যার রিপোর্ট দেখবেন না, দেড়টার পরে আসুন’। এসময় তিনি তার এক প্রতিবেশী সাংবাদিককে জানালে তার ফোনের পর রিপোর্ট দেখলেও কেন সরকারি হাসপাতাল থেকে পরীক্ষাগুলো করালেন এজন্য কোন চিকিৎসা না দিয়ে রিপোর্ট ছুড়ে ফেলেন। পরে তিনি লিখিত অভিযোগ দেওয়ার পর গতকাল সোমবার সকালে তাকে হাসপাতালে ডাকা হয়। কিন্তু ডেকেও তার কোন বক্তব্য না নেওয়ায় তিনি হতাশ হয়ে ফিরে যান। এ ব্যাপারে ভুক্তভোগী মিন্টু মাতুব্বর বলেন, তার অভিযোগ আমলে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হলেও তদন্ত কমিটি তাকে হয়রানী করায় তিনি প্রতিকার পাননি। এজন্য তিনি গতকাল আরও একটি লিখিত অভিযোগ পরিচালকের দপ্তরে জমা দেন। উক্ত অভিযোগে উল্লেখ করা হয়, তিনি তার প্রাইভেট প্রতিষ্ঠান থেকে দুই ঘন্টার ছুটি নিয়ে তার স্ত্রীকে সাথে নিয়ে খুমেক হাসপাতালে হাজির হন। সেখানে রফিকুল ইসলাম নামের একজন অফিস সহায়ক তাকে বসিয়ে রাখার ঘন্টাখানেক পর তাকে আরএমও ডা: সুহাস রঞ্জন হালদারের কাছে পাঠান। তিনি সেখানে গেলে তাকে না পেয়ে ফোন করলে তিনি মিটিংএ আছেন বলে জানান। একইসাথে তিনি তাকে সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা: সাইদুল হকের কাছে যেতে বলেন। তিনি সেখানে গেলে তাকে জানানো হয়, ডাঃ সাইদুল হক মিটিংয়ে আছেন। এরপর বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তার মিটিং শেষ হলে তিনি তার কাছে তদন্তের বিষয়ে বললে তিনি আবারো আরএমও ডা: সুহাস রঞ্জন হালদারের কাছে যেতে বলেন। এসময় আবার ডা: সুহাস রঞ্জন হালদারকে ফোন করা হলে তিনি মিটিংয়ে আছেন এবং তাকে ডা: সাইদুল হকের সাথেই কথা বলতে বলেন। এভাবে উভয়ে তাকে প্রায় দু’ঘন্টা ধরে ঘুরানোর পর তার ছুটির সময় শেষ হওয়ায় তিনি তার কর্মস্থলে চলে যান। এমতাবস্থায় আগের দেওয়া লিখিত অভিযোগের বক্তব্যই তার তদন্ত কমিটির কাছে বক্তব্য বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে তদন্ত কমিটির সদস্য ও খুমেক হাসপাতালের আরএমও ডা: সুহাস রঞ্জন হালদার বলেন, কমিটির প্রধান ডাঃ সাইদুল হক মঙ্গলবার হজ্বে গমন করবেন। এজন্য হজ্ব থেকে ফেরার পর তদন্ত হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button