চিতলমারীতে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে বালিকা বিদ্যালয়ের ১০ ছাত্রী অসুস্থ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের চিতলমারীর হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ১০ ছাত্রী কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ীতে পাঠিয়ে দেয়া হয়েছে। ঘটনাটি বুধবার সকাল ১০টায় ঘটেছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শৈলেন্দ্রনাথ বাড়ৈ জানিয়েছেন। হাসপাতাল ও বিদ্যালয়ের শিক্ষকদের দেয়া তথ্যে জানাগেছে, বুধবার সকাল ১০টায় হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রণির ছাত্রীদেরকে চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দেয়া কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। কিছু সময়ের মধ্যে ৬ষ্ঠ শ্রেণির ১০ ছাত্রী অসুস্থ হলে তাদেরকে চিতলমারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাধিয়া (১২), মিরা (১২), সুমাইয়া (১২), অর্পা সরকার (১২), রূপা আক্তার (১২), পূর্ণিমা ভট্টাচার্য (১২), সিনহা (১২), বর্ষা আক্তার (১২), সেতু সমাদ্দার (১২)-কে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এ ব্যপারে প্রধান শিক্ষক শৈলেন্দ্রনাথ বাড়ৈ জানান, সহকারী শিক্ষক শামীম শেখ মঙ্গলবার (০৪ জুন) সকাল ১০টায় ট্যাবলেটগুলো সহকারী শিক্ষিকা (সামাজিক বিজ্ঞান) নমিতা ব্রহ্মের নিকট দেন। শিক্ষিকা নমিতা ব্রহ্ম বুধবার (০৫ জুন) ছাত্রীদের ট্যাবলেটগুলো খাওয়ান। এ ব্যাপারে চিতলমারী হাসপাতালের আরএমও ডা: মুক্তি সাংবাদিকদের বলেন, কিছু ছাত্রীরা চিকিৎসার জন্য হাসপাতালে গিয়েছেন। তবে শুনেছি কৃমিনাশক ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়েছে। তাদেরকে চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।



