মেসির সবচেয়ে বড় প্রতিকৃতি এঁকেছেন বিএল কলেজ ছাত্র নয়ন

স্টাফ রিপোটার : ৫০৪টা এ ফোর সাইজের কাগজে সর্বকালের সেরা ফুটবলার লিউনেল মেসির সবচেয়ে বড় প্রতিকৃতি এঁকেছেন খুলনা সরকারি ব্রজলাল বিশ^বিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নয়ন মন্ডল। তাঁর বাড়ি পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে। সোমবার দুপুর ১ টায় সরকারি ব্রজলাল বিশ^বিদ্যালয় কলেজে কাগজে আঁকা সবচেয়ে প্রতিকৃতি’র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশের কাগজে আঁকা সবচেয়ে বড় প্রতিকৃতি বলে দাবি করেন নয়ন। এটা মেসির একটি ছবির প্রতিকৃতি। বিশ ফিট বাই সতের ফিট কাগজে আঁকা পুরো ছবিটি তৈরি করেছেন ৫০৪ টি এ ফোর সাইজের কাগজের সমন্বয়ে। ছবিতে অ্যাক্রেলিক রং ব্যবহার করা হয়েছে। ছবির কারিগর নয়ন মন্ডল বলেন, দীর্ঘ এক মাস ধরে আমি ছবিটি এঁকেছি। এটিই বাংলাদেশে হাতে আঁকা সবচেয়ে বড় প্রতিকৃতি, যা আগে কেউ আঁকেনি। আমি চাই মিডিয়ার মাধ্যমে বিশ্ব দরবারে পৌঁছে যাক এবং আমার প্রিয় প্লেয়ার মেসি দেখুক এটাই আমার বড় পাওয়া। এরপরই ইচ্ছা আছে বিশ্ব রেকর্ড করার গিনেজ বুকে নাম লেখানোর মাধ্যমে।



