নগরীতে তিনটি ইজিবাইকসহ চার চোর গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ খুলনা সদর থানা পুলিশ ইজিবাইক চোরচক্রের ৪ সদস্যকে ৩ টি চোরাই ইজিবাইকসহ গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ৫নং ঘাট ও খানজাহানআলী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি মনিরুল গিয়াস। পুলিশ জানায়, খুলনা সদর থানাধীন সদর পুলিশ ফাঁড়ীর এসআই মোঃ রাকিবুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় খুলনা সদর থানাধীন ৪নং ফুড ঘাটস্থ আনসার ব্যারাকের সামনে অভিযান পরিচালনা করে আসামী গ্যারিসন ১নং কলোনী, হেনা বেগম এর বাড়ীর ভাড়াটিয়া মোঃ সাগর মোল্যা(২৬), ৬নং ঘাট মামুর মাজারের পিছনের আসিফ শেখকে(২০) গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হতে চোরাই একটি ইজিবাইক, যার মূল্য অনুমান দুই লক্ষ টাকা উদ্ধার করেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আসামীদ্বয়কে সাথে নিয়ে কেএমপি এর খানজাহান আলী থানাধীন সোনালী জুট মিল, পারিবারিক কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী শিরোমনি দক্ষিণ পাড়ার মোঃ আসাদুল হোসেন(২৮), যাব্দিপুর, মাসুদ এর বাড়ীর ভাড়াটিয়া মোঃ হেলাল তালুকদারকে (৩০) গ্রেফতার পূর্বক আসামী মোঃ আসাদুল হোসেনের হেফাজত হতে একটি ইজিবাইক, যার মূল্য অনুমান এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ৪নং আসামী মোঃ হেলাল তালুকদারে র হেফাজত হতে একটি ইজিবাইক, যার মূল্য এক লক্ষ টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, উপরে বর্নিত আসামীরা সহ তাদের সাথে থাকা অজ্ঞাতনামা আরো ২/৩ জন আসামী খুলনা মনানগরীসহ আশপাশের বিভিন্ন জেলা হতে চোরাই ইজিবাইক সরবরাহ করে ইজিবাইক এর রং ও আকৃতি পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিক্রয় করে। অভ্যাসগতভাবে চোরাই ইজিবাইক ক্রয়-বিক্রয় করাই তাদের পেশা। বর্নিত আসামীদের বিরুদ্ধে খুলনা সদর থানায় নিয়মিত মামলা দায়ের পূর্বক ধৃত আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
