যশোরে ডাকাতি প্রস্তুতিকালে নারীসহ দুই ডাকাত গ্রেফতার

# ডাকাতিকালে ব্যবহার প্রাইভেট কার ও সরাঞ্জাম উদ্ধার #
যশোর ব্যুরো ঃ সদর উপজেলার শেখহাটি বাবলাতলা আদর্শপাড়া জামে মসজিদের পাশে জনৈক আবু সাইদ আতিকুর রহমানের তিনতলা বাড়ীর নিচতলার পশ্চিম পাশে এক ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ডাকাতি প্রস্তুুতিকালে পুলিশ দুই ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় ডাকাতি কাজে ব্যবহারের জন্য তাদের দখল হতে একটি প্রাইভেট কার ও ডাকাতি করার সরাঞ্জাম উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, ঝালোকাঠি জেলার কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের আলম মুন্সীর ছেলে সুলতান মুন্সী ও যশোরের অভয়নগর উপজেলার ধুলিরগাতি বর্তমানে যশোর সদর উপজেলার শেখহাটি বাবলাতলা আদর্শপাড়া গ্রামের কামরুল ইসলামের স্ত্রী পারুল খাতুন। এসময় পারুল খাতুনের স্বামী অভয়নগর উপজেলার ধুলিরগাতি গ্রামের মৃত মতলেব মোল্যার ছেলে কামরুল ইসলাম,শহরের খড়কী কলাবাগান এলাকার মজিবর রহমান ওরফে জাহাঙ্গীরের ছেলে রাজা ওরফে পিচ্চি রাজাসহ অজ্ঞাতনামা ৬/৭জন পালিয়ে গেছে। এ ঘটনায় শুক্রবার দিবাগত গভীর রাতে কোতয়ালি থানার এসআই মিনারা আলম বাদি হয়ে ডাকাতি প্রস্তুুতি আইনে মামলা করেছে। মামলায় এসআই মিনারা আলম উল্লেখ করেন,শুক্রবার ১১ এপ্রিল তিনিসহ একদল পুলিশ মোবাইল-১১ ডিউটি করাকালীন বিকাল ৫ টার পর উপশহর এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পান সদর উপজেলার শেখহাটি বাবলাতলা আদর্শপাড়া জামে মসজিদের পাশে কামরুল ইসলামের ভাড়া বাড়িতে একদল ডাকাত ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে ডাকাতি প্রস্তুতির জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সকলে পালানোর চেষ্টার এক পর্যায় উক্ত দু’জনকে গ্রেফতার করে। বাকী দু’জনসহ অজ্ঞাতনামা ৬/৭জন পালিয়ে যায়। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও ডাকাতি করার বিভিন্ন সরাঞ্জাম উদ্ধার করে। গ্রেফতারকৃত দু’জনকে শনিবার ১২ এপ্রিল দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।



