স্থানীয় সংবাদ

খুলনায় আওয়ামীলীগ নেতার পত্রিকায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে সংবাদ প্রকাশ : প্রেস ভাংচুর ও অগ্নিসংযোগ বিক্ষুব্ধ জনতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগের সম্পাদনায় প্রকাশিত স্থানীয় দৈনিক দেশ সংযোগ নামক একটি পত্রিকায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে ‘প্রধানমন্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) প্রকাশিত পত্রিকাটির ১২তম বর্ষের ৩৫তম সংখ্যার প্রথম পাতার ৭ ও ৮নং কলামে সংবাদটি প্রকাশিত হয়। এদিকে, বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হলে স্থানীয় সংবাদ কর্মী ও সাধারণ পাঠকসহ ছাত্র-জনতার মধ্যে তীব্র আকারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে চরম ক্ষোভ ও অসন্তোষ তৈরী হয়। যার বহি:প্রকাশ ঘটে সন্ধ্যায় পত্রিকাটির প্রেসে ভাংচুর এবং অগ্নিসংযোগের মধ্য দিয়ে।
হামলা ও ভাংচুরের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম। তিনি বলেন, বিক্ষুব্ধ জনতা অফিসের কিছু মালামাল বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, কাজী এনায়েত নামে একজন আওয়ামীলীগ নেতার মৃত্যুতে প্রকাশিত শোক সংবাদে দৈনিক দেশ সংযোগ পত্রিকায় ‘কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামীলীগের শোক’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদের জের ধরে পত্রিকাটির প্রেস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর আগেও জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে পত্রিকাটিতে একাধিক সংবাদ ও ছবি প্রকাশ করা হয়। যার জের ধরে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে ছাত্র-জনতার মধ্যে ক্ষোভ তৈরী হয়।
দেশ সংযোগ পত্রিকার প্রিন্টার্স লাইনে দেখা যায়, পত্রিকাটির সম্পাদক হিসেবে নগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগের নাম রয়েছে। নির্বাহী সম্পাদক হিসেবে রয়েছেন আবু নুরাইন খন্দকার। তবে পত্রিকায় প্রকাশকের কোন নাম উল্লেখ নেই। যদিও পত্রিকাটির প্রকাশক সোহাগের স্ত্রী বলে জানা গেছে। তবে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত থাকায় তার নামটি কৌশলে গোপন করা হয়েছে।
সূত্র জানায়, গণঅভ্যুত্থানের আগে পত্রিকার উপদেষ্টা সম্পাদক হিসেবে খুলনা মহাগর আওয়ামীলীগের সভাপতি ও কেসিসির অপসারিত মেয়র তালুকদার আব্দুল খালেকের নাম ব্যবহার করা হতো।
নগরীর ৪০, সিমেট্রি রোডস্থ (বেনিবাবু রোড) জাহান মঞ্জিলের দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন্স নামক প্রেস থেকে পত্রিকাটি মুদ্রিত এবং নগরীর ১৬৩ নং পশ্চিম বানিয়াখামার মেইন রোডস্থ ‘দুর্জয়’ নামক ভবন থেকে প্রকাশিত।
পুলিশ জানায়, পত্রিকাটির সম্পাদক ও আওয়ামীলীগ নেতা মাহাবুব আলম সোহাগের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ গত ৩০ ডিসেম্বর নগর গোয়েন্দা পুলিশ একটি মামলায় তাকে গ্রেফতার করে। পরবর্তীতে তিনি কারাগার থেকে জামিনে বের হন। বিষয়টি নিশ্চিত করেছেন নগর ডিবির ইনচার্জ তৈমুর আলম।
এদিকে, বিষয়টি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভ তৈরী হলে পত্রিকার সম্পাদক মাহাবুব আলম সোহাগ সামাজিক মাধ্যমে ‘প্রকাশিত সংবাদ প্রত্যাহার ও কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ’ শিরোনামে একটি পোস্ট দেন। পোস্টে বিষয়টি স্বীকার করে তিনি উল্লেখ করেন, আজ বৃহস্পতিবার (৮ মে’২৫ খ্রি) দৈনিক দেশ সংযোগ পত্রিকায় প্রথম পৃষ্ঠায় ৭ ও ৮ এর কলামে ‘কাজী এনায়েতের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আ’লীগের শোক’ শিরোনামে প্রকাশিত সংবাদটি প্রত্যাহার করেছে সম্পাদক সহ পত্রিকা কর্তৃপক্ষ।
আওয়ামী লীগের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিটি ভুলক্রমে এডিট না করে হুবহু ছাপিয়ে দেয়া হয়। যেখানে শেখ হাসিনার নামের সাথে প্রধানমন্ত্রী এবং কয়েকজন নেতার নামের সাথে এমপি লেখা রয়েছে। যা ছাপা অনুচিত এবং নিয়ম পরিপন্থী হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দৈনিক দেশ সংযোগ পত্রিকার প্রকাশক, সম্পাদক ও নির্বাহী সম্পাদক এবং পত্রিকার বার্তা বিভাগ অনুতপ্ত হয়ে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button