স্থানীয় সংবাদ

মোল্লাহাটে এইচএসসি পরীক্ষার কেন্দ্র বাতিলের প্রতিবাদে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার এইচএসসি পরীক্ষার কেন্দ্র অন্য উপজেলায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে খলিলুর রহমান ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টা হতে বেলা ১টা পর্যন্ত মোল্লাহাট উপজেলার সৌরভ রিসোর্টের সামনে মহাসড়কে এ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা বলেন, বহু বছর ধরে মোল্লাহাট উপজেলার কেআর ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। অথচ চলতি বছর আন্তঃবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ কেন্দ্রটি বাতিল করে পরীক্ষার ভেন্যু ফকিরহাট উপজেলায় স্থানান্তর করা হয়েছে। এতে শিক্ষার্থীদের অতিরিক্ত দূরত্ব অতিক্রম করতে হবে এবং নানা ভোগান্তির সম্মুখীন হতে হবে। শিক্ষার্থীরা বলেন, মোল্লাহাট থেকে ফকিরহাটের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। অনেক পরীক্ষার্থীদের জন্য এটি কষ্টসাধ্য। তারা মোল্লাহাটেই পরীক্ষার ভেন্যু পুনঃস্থাপনের দাবি জানান এবং যশোর বোর্ডের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে মহাসড়কে প্রায় ২ ঘন্টা সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। এতে করে ঢাকা-খুলনা মহাসড়কের উভয় প্রান্তে প্রায় চার কিলোমিটার এলাকা যানজট হয়। তবে শিক্ষার্থীরা জরুরি সেবার যানবাহন, এম্বুলেন্স এবং পুলিশের গাড়ীগুলোর চলাচল নিশ্চিত করে। যদিও পরিস্থিতি শান্ত করতে মোল্লাহাট থানার ওসি মোঃ শফিকুল ইসলাম অবরোধ স্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা নিরসনের চেষ্টা করেন। এছাড়াও ওই স্থলে উপস্থিত হয়ে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগ করে মোল্লাহাটে ভেন্যু ফিরিয়ে আনার বিষয়ে আশ্বস্ত করেন মোল্ল্হাাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, সাবেক আহ্বায়ক শেখ হাফিজুর রহমান, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া। পরে নেতৃবৃন্দের মাধ্যমে আশ্বস্ত হয়ে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয় এবং ওই মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button