ধারাবাহিকতার অংশ হিসেবে হারিয়ে যাওয়া ৩৮টি মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করলেন ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন

# ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে বিষয়টি নিয়ে কাজ করছে একদল আইটি বিশেষজ্ঞ এক্সপার্ট #
এস. ইউ, খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ বিভিন্ন সময়ে হারানো, চুরি ও ছিনতাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার নগদ টাকা উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছেন ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। পূর্বের ধারাবাহিকতার অংশ হিসেবে ১২ মে সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এপিবিএন ৩৮ (আটত্রিশ)টি মোবাইল এবং বিকাশ প্রতারণার মোট ৫০ হাজার টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।
খুলনার শিরোমণিতে অবস্থিত ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ান সূত্র জানিয়েছে, ৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম, এম সালাহউদ্দীন মহোদয়ের নির্দেশে গঠিত অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট নিয়ন্ত্রণাধীন কর্ম এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য উদ্ধার, হারানো ও চুরি হওয়া মোবাইল উদ্ধার, ফেসবুক ও অনলাইন প্রতারণা সংক্রান্ত কাজ করে থাকে। অধিনায়কের সুনিপুণ দিক নির্দেশনায় সহ অধিনায়ক পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ ইয়াছিন আলী, সহকারী পুলিশ সুপার মোঃ শফিকুল ইসলাম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পূর্বের ধারাবাহিকতার অংশ হিসাবে এপ্রিল এবং মে মাসে ৩, এপিবিএন, খুলনার অপস এন্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট বিভিন্ন থানায় মোবাইল হারানো সংক্রান্ত হওয়া জিডি মূলে দেশের বিভিন্ন প্রান্ত হতে উদ্ধারকৃত সর্বমোট ৩৮ (আটত্রিশ)টি মোবাইল এবং বিকাশ প্রতারণার মোট ৫০,০০০/ (পঞ্চাশ) হাজার টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন। এছাড়াও একটি হ্যাক হওয়া ফেসবুক আইডি উদ্ধার এবং বিভিন্ন অনলাইন প্রতারণা সহ সাইবার বুলিং এর শিকার ব্যক্তিদের আইনী সেবা প্রদান করা হয়। হারানো মোবাইল এবং উদ্ধারকৃত অর্থ প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর অনুষ্ঠানে অধিনায়ক অতিরিক্ত ডিআইজি এম, এম সালাহউদ্দীন বলেন, আমাদের একদল আইটি বিশেষজ্ঞ এক্সপার্ট টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় বিষয়টি নিয়ে কাজ করে অনেক সফলতা অর্জন করেছে। তারা অনেক দক্ষতার সাথে তাদের যোগ্যতার পরিচয় দিয়ে এক কাজ করছে। তিনি বলেন জনসাধারণের ইতিবাচক সাড়া পেলে হয়তো আমরা অধিক ভুক্তভোগীকে আইনী সেবা প্রদান করতে পারবো।
অনুষ্ঠানে উপস্থিত মালিকগণ তাদের পছন্দের মোবাইল ফোনটি এবং কষ্টে অর্জিত টাকা ফেরত পেয়ে ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।



