বাগেরহাটে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট জেলা শহরে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগেরহাট সম্মিলিত ব্যবসায়ী সমিতির আহবায়ক শেখ মাইনুল ইসলাম মোস্তফা। এ সময়, ব্যবসায়ী সমিতির সদস্য সচিব নজরুল ইসলাম রুনু, বেগ শামীম হাসান, মোঃ ফারুক হোসেন, মোহাম্মদ শাহিনুর রহমান, মাহাবুবুল আলম কাজল, ইকরামুল কবির ইকু, জিহাদুল ইসলাম, সোহাগ হাওলাদার সহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে ব্যবসায়ী নেতা মাইনুল ইসলাম মোস্তফা বলেন, বর্তমানে বাগেরহাটের ব্যবসায়ীরা ক্রেতা শূন্যতায় ব্যবসায়ীক মন্দাসহ নানা সংকটে ভুগছেন। ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে তারা কোন রকমে ব্যবসা চালিয়ে রেখেছে। এই পরিস্থিতিতে বাগেরহাট শহরে বাণিজ্য মেলার আয়োজন ব্যবসায়ীদের জন্য সুখকর নয়। তাছাড়া বাণিজ্য মেলায় নিম্নমানের পণ্য বিক্রয় করা হয়। ফলে বাণিজ্য মেলা হলে, স্থানীয় ব্যবসায়ীদের বেচাকেনা শূন্যের কোঠায় চলে আসবে। অন্যদিকে অতিরিক্ত লাভের আসায়, মেলায় জুয়ার আসর বসানো হয়। যার ফলে বাণিজ্য মেলা চলাকালীন সময়ে চুরি ছিনতাই ডাকাতি বৃদ্ধি পায়, জানমালের মারাত্মক ক্ষতি হয়। বর্তমানে এসএসসি পরীক্ষা চলমান এবং এইচএসসি পরীক্ষা আসন্ন এবং সামনে পবিত্র ঈদুল আযহা রয়েছে। সবকিছু মিলিয়ে বাণিজ্য মেলায় লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি। এই পরিস্থিতিতে যেকোন মূল্যে বানিজ্য মেলা বন্ধ করা প্রয়োজন। ব্যবসায়ীরা আরও বলেন, আমরা আগেও এই মেলা বন্ধ করার জন্য মানব বন্ধন করেছি। প্রতিবাদ সমাবেশ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিও দিয়েছি। তারপরও পৌরপার্কে বানিজ্য মেলা পরিচালনার জন্য বগুড়ার মন্টু ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মকান্ড চালাচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা আরও বলেন, চাঁদাবাজির কারণে পানের হাট, সুপারির হাট, ঢেউ টিনের হাট, গুড়ের হাট সহ অধিকাংশ পণ্য সামগ্রী ও ফসলের হাট বাগেরহাট শহর থেকে অন্যত্র চলে গেছে। এখানে প্রশাসনিক দুর্বলতা রয়েছে। মেলার স্থানে সকল ময়লা আবর্জনা কাঁচা পায়খানা সবই নদীর মধ্যে ফেলা হবে, পরিবেশ দূষণ হবে। একটি সিন্ডিকেটের সামান্য লাভের জন্য বাগেরহাটের ব্যবসায়ীদের সম্মিলিত ও বৃহত্তর ক্ষতি মেনে নেওয়া হবে না। বাগেরহাট বাসীর ভালোর জন্য অনতিবিলম্বে বাণিজ্য মেলা বন্ধের দাবি জানান ব্যবসায়ীরা। অন্যথায় আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলেও জানান ব্যবসায়ীরা।


