দিঘলিয়ায় চরমপন্থী নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এলাকাবাসী

স্টাফ রিপোর্টার ঃ দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা গ্রামে এক চরমপন্থী দলের নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে একই এলাকার লোকজন। ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যায় ফরমাইশখানা গোলারঘাটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার ( ১৮ জুন) বিকাল ৬ টায় গোলারঘাটে বসে চা পান করছিলেন চরমপন্থী দলের নেতা নাসিম। এসময় গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানার এস আই তারেকসহ কয়েকজন পুলিশ সাদা পোশাকে অভিযান চালিয়ে চরমপন্থী দলের নেতা নাসিমকে ধরে ফেলে। এখবর ছড়িয়ে পড়লে ফরমাইশখানা গ্রামের ৫০/৬০ জন লোক পুলিশের সাথে ধস্তাধস্তি করে নাসিমকে ছাড়িয়ে নিয়ে যায়। নাসিমের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তবে সবগুলো মামলায় জামিনে থাকায় তিনি দীর্ঘদিন যাবৎ এলাকায় বসবাস করছেন বলে এলাকাবাসী জানান। নাসিমের বিরুদ্ধে এলাকায় কোনো প্রকার অভিযোগ না থাকায় এলাকাবাসীর নিকট খুবই প্রিয় ব্যক্তিত্ব। এ ঘটনার পর দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের নেতৃত্বে এলাকায় অপরাধীদের গ্রেফতারে একাধিক অভিযান অব্যাহত আছে। এ পর্যন্ত পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।
এঘটনায় দিঘলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছিল।



