মোল্লাহাটে সড়ক দুর্ঘটনায় নিহত-১

মোল্লাহাট বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাটে গরু বোঝাই ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে কাবিল মিয়া(৩২) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ৩ টায় ঢাকা-খুলনা মহাসড়কের আজিজ মোল্লার ঘাট নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।ঘটনাস্থলেই কাবিল মিয়া (৩২) নিহত হয়। নিহত কাবিল মিয়া উপজেলার আটজুড়ী ইউনিয়নের কাহালপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোল্লাহাটের আজিজ মোল্লার ঘাট নামক স্থানে দ্রুত গতিতে ছুটে আসা মোটরসাইকেলটি গরু বোঝাই ট্রাকটির পেছনে ধাক্কা মেরে ছিটকে পড়ে, এসময় গরু বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় ট্রাকের চালক ও হেলপার গুরুত্বর আহত ও ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক কাবিল নিহত হয়।
এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার এসআই তানভীর জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা গরু বোঝাই ট্রাকটি চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে আজিজ মোল্লার ঘাট নামক স্থানে দ্রুত গতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল গরু বোঝাই ট্রাকটির পেছনে ধাক্কা মারে এবং রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক কাবিল মিয়া নিহত হয়। এসময় গরু বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়, এতে ট্রাকটির চালক ও হেলপার দু’জনেই আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। গাড়িতে থাকা গরুগুলোকে দড়ি কেটে উদ্ধার করে মোল্লাহাট হাইওয়ে থানার অধীনে রাখা হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



