খালিশপুর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন নির্ধারিত সময় হওয়া নিয়ে সংশয় : ভোটাররা হতাশ

স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির দীর্ঘ দিন পর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় গঠন করা হয়েছে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি। গঠিত কমিটির নেতারা হলেন, চেয়ারম্যান এড. মোহাম্মদ আলী বাবু, সদস্য হাজী শরিয়তুল্লাহ বিদ্যাপিঠের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামান ও চিত্রালী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রুহুল আমিন মিয়া। গত ১৮ জুলাই এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় বলে জানান কল্যাণ সমিতির সাঃ সম্পাদক রাফেল ফেরদৌস রানা। তবে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। এতে করে উজ্জিবিত ভোটাররা হতাশ হয়ে পড়ছেন। অবিলম্বে মার্কেটের নির্বাচন সম্পন্নের জন্য ভোটাররা নির্বাচন পরিচালনা কমিটির নিকট দাবি জানিয়েছেন। এদিকে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের পর ব্যবসায়ীদের মাঝে নির্বাচনী আমেজ শুরু হয়। চলে নানা আলোচনা। ৫ আগস্টের পর গণতান্ত্রিক অবস্থা ফিরে আসায় যেন তেন ভাবে নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার পথ বন্ধ হওয়ায় প্রার্থীরা কঠিন সমস্যায় পড়েন বলে ভোটাররা জানান। বাজারের সম্ভাব্য সভাপতি প্রার্থী কোহিনুর বেগম জানান, আগে লুটেরা আর দখলদাররা ভোট ছাড়াই নেতা নির্ধারন করে দিত। এবার আর তা হবে না। এমনই আশা নিয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থী নিয়ে মাঠে নামে। কিন্তু নির্বাচন কমিশনার নির্ধারিত সময়ে নির্বাচন শুরু না করায় সবাই হতাশ বলে তিনি জানান। সমিতির সহ সাধারণ সম্পাদক শফিউল আজম আদু বলেন, এ মার্কেটে বর্তমান কমিটি একাধিকবার নির্বাচনের জন্য চেষ্টা করে ব্যর্থ হয়েছে। বিগত দিনে নির্বাচনের নানা প্রস্তুতি সম্পন্ন করলেও শেষ পর্যন্ত নির্বাচন হয়নি। তবে এবার খুব আশা ছিল নির্বাচন হবে। কিন্তু সব কিছু ঠিকঠাক করলেও নির্বাচন পরিচালনা কমিটি গড়িমশি করার কারণে এবারও নির্ধারিত সময়ে নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে। একই কথা বললেন সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ আসিফ। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে ভোটাররা খুবই উৎসাহিত। বিষয়টি একাধিকবার নির্বাচন কমিশনার প্রধানকে গিয়ে বলেছি। কিন্তু তারপরও কেন যেন নির্ধারিত সময়ে নির্বাচনী কার্যক্রম শুরু করছেন না। এতে করে ভোটাররা হতাশ হয়ে পড়ছেন। তারা অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও খালিশপুর থানা বিএনপির সভাপতি এড. শেখ মোহাম্মদ আলী বাবু বলেন, বাজারের নির্বাচন নিয়ে আইনগত জটিলতা রয়েছে। পাশাপাশি রাজনৈতিক জটিলতা রয়েছে। এ নির্বাচন করতে গিয়ে তিনি ১০নং ওয়ার্ড বিএনপির বড় একটি অংশের নিকট বিরাগভাজন হয়ে পড়ছেন। এসব মোকাবেলা করে সামনের দিকে কিভাবে এগোনো যায় সে পথ খুঁজছেন বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ১৪ জুলাই বাজার কমিটির সাঃ সম্পাদক রাফেল ফেরদৌস রানা স্বাক্ষরিত পত্র প্রধান নির্বাচন কমিশনার এড. শেখ মোহাম্মদ আলী বাবুর নিকট দেন। তিনি ওই চিঠি গ্রহণ করে দায়িত্বভার বুঝে নেন। ওই চিঠিতে সম্ভাব্য নির্বাচনের তারিখ দেয়া হয় ২৩ আগস্ট। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনা কমিটি গঠন ছাড়া আর কিছুই করেননি।



