বাস্তুহারায় সংঘর্ষের ঘটনায় দু’ মামলায় আসামি ৫শ’

# এলাকা পুরুষ শুণ্য : বিক্ষোভ অব্যাহত #
স্টাফ রিপোর্টারঃ খুলনা নগরীর মুজগুন্নি এলাকার বাস্তুহারা কলোনিতে উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় দু’টি মামলা দায়ের করা হয়েছে। দু’ মামলায় ৬৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার আতংকে পুরুষ শূন্য হয়ে পড়েছে এলাকা। একটি মামলা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ খুলনার উপ বিভাগীয় প্রকৌশলী মাকসুদুল হক বাদী হয়ে দায়ের করেছেন। ওই মামলায় আসামি ৩২ জন। অপর মামলাটি খালিশপুর থানার উপ-পরিদর্শক (এসআই) কোটাল আজাদ বাদী হয়ে দায়ের করেন। এ মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। সোমবার খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলা দুটি রোববার রাতে দায়ের করা হয়েছে।উল্লেখ্য, খুলনার নগরীর মুজগুন্নি ৯ নং ওয়ার্ডের বয়রা হাউজিং এস্টেট, সি ব্লকে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানের ঘটনাকে কেন্দ্র করে ২১ সেপ্টেম্বর সকালে পুলিশ-কলোনিবাসীর মধ্যে ব্যাপক সংর্ঘষ হয়। ওই সংর্ঘষের ঘটনায় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষুব্ধরা সেখানে টায়ার জ্বালিয়ে, গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখেন। ওই অবস্থায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে পুলিশ লাঠি চার্জ করে এবং পাল্টা জবাবে স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ পিছু হটতে বাধ্য হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে টিয়ারসেল নিক্ষেপ করে। এ সময় উচ্ছেদ অভিযানে যাওয়া বুলডোজার গাড়ির ওপরও হামলাসহ চালকের ওপর হামলা চালানো হয়। পুলিশ কলোনিবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়। স্থানীয়রা বলছেন, কিছু বুঝে ওঠার আগেই উচ্ছেদ করতে আসা পুলিশ সদস্যরা আমাদের ওপর লাঠিচার্জ, টিয়ার শেল এবং সর্বশেষ রাবার বুলেট নিক্ষেপ করেন। এ বিপরীতে পুলিশ বলছে, উচ্ছেদ অভিযান শুরুর আগেই তাদের ওপর হামলা চালায় কলোনিবাসী। পুলিশের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এদিকে মামলা প্রত্যাহারের দাবিতে বিকেলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



