খালিশপুরে পাঁচ লাখ জাল টাকাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ ৫ লাখ টাকার জাল মুদ্রাসহ মো. আব্দুল্লাহ ওরফে নয়নকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে নগরীর খালিশপুর থানাধীন বঙ্গবাসী রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত নয়ন বঙ্গবাসী এলাকার বাসিন্দা মো. মোতালেব হোসেনের ছেলে। মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল হাসান রাজীব বিষয়টি নিশ্চিত করে বলেন, নয়ন একজন জাল টাকার ব্যবসায়ী। গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলামের নেতৃত্বে চৌকস দল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবাসী রোড নং-১৯ এর একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় নয়নের শয়নকক্ষ থেকে ৫ লাখ টাকার জাল মুদ্রা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে নয়ন স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে খুলনা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় জাল টাকার ব্যবসা চালিয়ে আসছে। এ ঘটনায় নয়নের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করেছে গোয়েন্দা পুলিশ।



