স্থানীয় সংবাদ

পল্লীমঙ্গল স্কুলের সভাপতি তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

স্টাফ রিপোর্টার : পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শাহ মামুনুর রহমান তুহিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এঘটনায় বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ রাশিদুল ইসলাম জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
বুধবার দুপুরে তার দাখিলকৃত অভিযোগে তিনি উল্লেখ করেন, বিদ্যালয়ের সভাপতি শাহ মামুনুর রহমান এবং প্রধান শিক্ষক শেখ মোঃ রফিকুল ইসলাম যোগসাজসে অত্র বিদ্যালয়ের বেসিক ব্যাংক লিঃ কেডিএ এভিনিউ শাখা থেকে পৃথক দু’টি চেকের মাধ্যমে গত ২১ জুলাই ৫০ হাজার এবং গত ৭ সেপ্টেম্বর ২০ হাজার টাকা তাদের ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন পূর্বক আত্মসাত করেছেন। বিষয়টি প্রধান শিক্ষকের নিকট জিজ্ঞাসা করলে তিনি জানান, উক্ত টাকা তিনি সভাপতিকে ধার হিসেবে প্রদান করেছেন। কিন্তু বিদ্যালয়ের টাকা কাউকে ঋণ বা ধার হিসেবে দেওয়া সম্পূর্ণ বে-আইনী। অভিযোগে তিনি বর্তমান সভাপতিকে অপসারণ পূর্বক একজন সৎ ও বিদ্যানুরাগী ব্যক্তিকে নতুন সভাপতি নিয়োগের জন্য আবেদন জানান।
বিদ্যালয়ে সভাপতি শাহ মামুনুর রহমান তুহিন জানান, একটি সংবর্ধনা অনুষ্ঠান ও বিদ্যালয়ের উন্নয়নের জন্য বিভিন্ন সময়ে ঢাকায় যাতায়াত বাবদ তিনি এই টাকা ধার হিসেবে নিয়েছেন। যা তিনি পরিশোধ করে দেবেন। এছাড়াও তিনি আরও জানান, বিগত সরকারের ফ্যাসিস্ট কিছু মানুষ এবিষয়টি নিয়ে ষড়যন্ত্র করছেন। প্রধান শিক্ষক শেখ মোঃ রফিকুল ইসলাম জানান, সভাপতি তার ব্যক্তিগত প্রয়োজনে ৫০ হাজার টাকা এক মাসের জন্য ধার হিসেবে নিয়েছেন। আর ২০ হাজার টাকা দিয়ে তিনি (সভাপতি) তিনটি চেয়ার কিনেছেন। আজ বুধবার তিনি (সভাপতি) ৭০ হাজার টাকার একটি চেক প্রদান করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরুল হাই মোহাম্মদ আনাস জানান, এবিষয়ে একটি সুষ্ঠু তদন্ত করা হবে। তদন্তে তাদের দোষ প্রমাণিত হলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button