স্থানীয় সংবাদ

খুলনায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস সময়ে চলছে একাডেমিক কোচিং সেন্টার

বন্ধ রাখতে জেলা প্রশাসনের নির্দেশ
নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগর ও জেলার সকল একাডেমিক কোচিং কার্যক্রম সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন বন্ধ রাখতে হবে। একই সাথে সকলকে ‘শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২’ এর অনুশাসন মেনে চলতে অনুরোধ করা হয়েছে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খুলনা জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান এ প্রতিবেদককে বলেন, মূলত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করতেই এ নির্দেশনা দেয়া হয়েছে। এ নির্দেশনা কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, খুলনা মহানগর ও জেলায় ব্যাঙের ছাতার মত শত শত কোচিং সেন্টার গড়ে উঠেছে। স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন কোচিং সেন্টারগুলো তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। ফলে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসে উপস্থিতির পরিবর্তে কোচিং সেন্টারেই পড়ে থাকে। বিশেষ করে খুলনা মহানগরীর আহসান আহমেদ রোড এলাকায় করোনেশন সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ঘিরে গড়ে উঠেছে একাধিক কোচিং সেন্টার। এছাড়া নগরীর শামসুর রহমান রোড, পিটিআই মোড়, রয়েল মোড় ও দৌলতপুরসহ বিভিন্ন এলাকায় রয়েছে এ ধরণের শতশত কোচিং সেন্টার। এ কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী উপস্থিতির হার অনেকাংশেই হ্রাস পেয়েছে। ফলে অভিভাবক ও সচেতন খুলনাবাসীর দাবির প্রেক্ষিতে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button