খালিশপুরে বিএনপি নেতা মাজু ও শিমুলকে দল থেকে অব্যাহতি

# মাদক বিক্রি চাঁদাবাজি বাড়ি দখল জুয়া পরিচালনার অভিযোগ #
স্টাফ রিপোর্টারঃ মাদক বিক্রি, চাঁদাবাজি, বাড়ি দখল, জুয়া পরিচালনাসহ নানা অভিযোগে খালিশপুর ১০নং ওয়ার্ড বিএনপির সাঃ সম্পাদক মাজু ও ১২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শিমুলকে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপির দপ্তরের দায়িত্ব থাকা শরিফুল ইসলাম টিপু। তবে তিনি বলেন, দলীয় নীতি আদর্শ ও শৃংখলা পরিপন্থী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তাদের দু’জনকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। দলীয় সূত্রে প্রকাশ, ১০নং ওয়ার্ড বিএনপির সাঃ সম্পাদক মফিজুর রহমান মাজু পদে আসার পর অত্র ওয়ার্ডে মাদকের প্রভাব বাড়তে থাকে। আগে যেখানে ৬টি পয়েন্ট ছিল তিনি পদে আসার পর সে স্পট বেড়ে দাঁড়িয়েছে ১৮টিতে। এলাকাবাসী মাদকের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা এর প্রতিবাদে মানববন্ধন করে। সুপার মাকের্টের পশ্চিম পাশে বড় বাড়ি মোড়ে মাদক স¤্রাট সাদ্দামের মাদক ব্যবসা রমরমা। অভিযোগ রয়েছে, এই সাদ্দামকে শেল্টার দেয় মাজু। শুধু সাদ্দামকে একা নয়, অত্র ওয়ার্ডের অধিকাংশ মাদক বিক্রেতাদের গড ফাদার বনে গেছেন দলীয় এই পদের জন্য। এসব মাদক বিক্রেতারা অধিকাংশই পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট যুবলীগ নেতা হোয়াইটের লোক। তবে মাজু সাফ জানিয়ে দিয়েছেন তাকে ষড়যন্ত্র করে মিথ্যা অভিযোগ দিয়ে ফাঁসানো হয়েছে। তিনি এসব অপকর্মের সাথে জড়িত নয়। অন্যদিকে ১২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এস আরিফুর রহমান শিমুল পদে আসার পর হাউজিং ১নং বিহারী ক্যাম্পে মাদকের রমরমা ব্যবসা শুরু হয়। তারই ছত্রছায়ায় থেকে মাদক স¤্রাট আলমগীর (গাজা ব্যবসায়ী), আনজুম, সেলিম ও জনি ( ইয়াবা ব্যবসায়ী) ১নং ক্যাম্পে মাদক যেন হাট বসিয়েছে। এদের প্রত্যেকের নামে মাদকের ১৫ থেকে ২০ টি মামলা রয়েছে। অথচ তারা শিমুলের কাছের লোক হিসেবে পরিচিত। তিনি পদ পাওয়ার পর শিয়া মসজিদ মোড়ে দোকান পাট, অফিস দখল করে তা থেকে ভাড়া উঠিয়ে খাচ্ছেন। অনিবার্ন ক্লাবের নামে অন্যের অফিস দখল করা অফিসে দিন রাত চলছে জুয়ার আসর। মিজানসহ ১৫/২০ জনের একটি বাহিনী ১ ও ৩নং বিহারী ক্যাম্প খুবলে খাচ্ছে। মাদক ব্যবসা থেকে শুরু করে এমন কোন খারাপ কাজ নেই যা তারা করছে না। শিমুলের লোক হওয়ায় কেউ কিছু বলতে সাহস পায় না। আশ্চর্য হলেও সত্য সম্প্রতি স্যাটেলাই স্কুল মাঠে কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে বিএনপি। ওই খেলা ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহিদসহ অন্যান্যরা উপস্থিত থাকলেও সাংগঠনিক সম্পাদক শিমুলের ভাই ওয়ার্ড আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম কচি বলে শট মেরে খেলার উদ্বোধন করেন। যা নিয়ে পরে দলের মধ্যে নানা সমালোচনা হয়। কিন্তু শিমুল প্রভাবশালী হওয়ায় বিষয়টি দ্রুত ধামাচাপা পড়ে যায় বলে দলের নেতাদের কেউ কেউ এ অভিযোগ করেন। এদিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে খালিশপুর থানার অর্ন্তগত ১০ ও ১২নং ওয়ার্ডের দু’জনকে অব্যাহতি দেয়া হয়েছে। বিএনপি মহানগর মিডিয়া সেল বিষয় নিশ্চিত করেছেন। ২৫ সেপ্টেম্বর মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকায় খালিশপুর থানার অন্তর্গত ১২নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক এস আরিফুর রহমান শিমুল ও ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মাজুকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ প্রমানিত হওয়ায় মনিটরিং সেলের সুপারিশক্রমে মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন স্বাক্ষরিত পত্রে তাদেরকে অব্যহতি প্রদান করা হয়েছে।



