৫টি নদী খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে পাউবো’র সাথে সেনাবাহিনী যৌথভাবে কাজ করবে : জনমনে স্বস্তি!

# যশোর-খুলনার দুঃখ ভবদহের জলাবদ্ধতা! #
মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ যশোর-খুলনার দুঃখ ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে অন্ত:বর্তী সরকারের গৃহীত প্রকল্পের আওতায় যশোর ও খুলনা অঞ্চলের হরিহর নদীর ৩৫ কিঃমিঃ, হরি-তেলিগাতি নদীর ২০ কিঃমিঃ,আপারভদ্রা নদীর ১৮.৫ কিঃমিঃ, টেকা নদীর ৭ কিঃ মিঃ এবং শ্রী নদীর ০১ কিঃমিঃ মোট ৫টি নদীর ৮১.৫ কিঃ মিটার অংশ পুনঃখনন করা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৩৯ কোটি ৯৮ লাখ ১৯ হাজার টাকা। সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী ডেলিগেটেড প্রকিউরমেন্ট বা অর্পিত ক্রয়কার্য পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়ন করবে। নদী খননের পাশাপাশি পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং খননে পাওয়া মাটি সংরক্ষণ ও স্থানীয় জনগণের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহারযোগ্য করা হবে। পরিবেশবান্ধব পুনঃখনন নিশ্চিত করতে টার্ফিং ও বৃক্ষরোপণ কার্যক্রমও বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে পাউবো’র সাথে বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে বলে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। পাউবো’র পক্ষে যশোর পানি উন্নয়ন সার্কেল, খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক বি এম আব্দুল মোমিন এবং সেনাবাহিনীর পক্ষে ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুন উর রশিদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এদিকে ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে গৃহীত ১৪০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব নেয়ায় ভবদহপাড়ের ভুক্তভোগী জনগন আশার আলো দেখছেন। এ নিয়ে জনমনে এখন স্বস্তির নিঃশ^াস। ভুক্তভোগী জনগন তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় সেনাবাহিনীকে অগ্রিম সাধুবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শুকরিয়া আদায় করে কমেন্ট করেছেন।
দীর্ঘ চার দশক ধরে ভবদহ বিল পাড়ের প্রায় পাঁচ লাখ মানুষ জলাবদ্ধতার শিকার হয়ে জলের সাথে লড়াই করে জীবন-জীবিকা অতিবাহিত করছেন। ভবদহ পাড়ের মানুষের এ ভোগান্তি কবে অবসান হবে? এই জলযন্ত্রনার ছোবল থেকে তারা পরিত্রাণ পাবে? এমন জিজ্ঞাসা নিয়ে প্রায় বছর জুড়েই পানির সাথে সংগ্রাম করেই তাদের দিনাতিপাত করতে হয়। আর বর্ষা মৌসুম আসলে এই জলযন্ত্রনা তাদের আস্টে-পিস্টে চেপে ধরে। বছরের পর বছর ভবদহ সমস্যা সমাধানের আশ্বাস ওদের কাছে এখন চরম অবিশ্বাসে রুপ নিয়েছে। ভবদহ সমস্যার সমাধান কল্পে চার দশকে প্রায় হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ হলেও তেমন কোন সুফল পাওয়া যায়নি। ভূক্তভোগিরা ভবদহের জলাবদ্ধতা নিরসনে আমডাঙ্গা খাল ও ৮১ কিলোমিটার নদী খনন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করে আসছিলো। এরই মধ্যে নদী খননসহ ১৪০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনী দায়িত্ব নেওয়ায় ভবদহ পাড়ের ভুক্তভোগী জনগন আশার আলো দেখছেন। অনেকে এমন খুশির খবরে স্বস্তির নিঃশ^াস ফেলেছেন।



