স্থানীয় সংবাদ

শরণখোলা থেকে ১০ লাখ টাকা নিয়ে পালিয়েছে ওষুধ কম্পানির প্রতিনিধি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের শরণখোলা থেকে নগদ ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের মার্কেটিং রিপ্রেজেনটেটিভ সুদিপ্ত বিশ্বাস (৩০) নামে এক যুবক। গত এক মাস ধরে উপজেলার বিভিন্ন ওষুধ ব্যবসায়ী,চিকিৎসক ও এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ধার ও মুনফায় এই টাকা সংগ্রহ করেন সুদিপ্ত। এরপর গত রবিবার (২৩ নভেম্বর) বিকালে কাউকে না জানিয়ে শরণখোলা থেকে পালিয়ে যান তিনি। সুদিপ্ত’র বাড়ি মাগুরা সদর উপজেলার গাংনালিয়া ইউনিয়নের মালন্দ গ্রামে এবং তার বাবা একই গ্রামের দ্বিদল বিশ্বাস। তিনি হেলকেয়ার ফার্মাসিউটিক্যালসের শরণখোলা উপজেলা প্রতিনিধি হিসেবে গত ৪ বছর ধরে কর্মরত ছিলেন। এদিকে, এলাকা থেকে সুদিপ্ত’র হঠাৎ পালিয়ে যাওয়ায় ভুক্তভোগী চিকিৎসক ও ব্যবসায়ীদের মাথায় পড়েছে চিন্তার ভাজ। টাকা ধার দেওয়া ভুক্তভোগী রায়েন্দা হাসপাতাল রোডের নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তার শুভেন্দু বিশ্বাস অভি জানান, সুদিপ্ত গত শুক্রবার তার কাছে ২৫ হাজার টাকা ধার চান, তখন তিনি ১৫ হাজার টাকা নগদ দেন এবং ১০ হাজার টাকা বিকাশে দেন। এর দু’দিন পরে শোনেন সুদিপ্ত পালিয়েছে। একইভাবে শরণখোলায় শরীফ ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি হিসেবে কর্মরত স্থানীয় বাসিন্দা উজ্জ্বল বিশ্বাস বলেন, তার কাছে ৫০ হাজার টাকা ধার চেয়ে প্রায় ১০ দিন ঘুরেছেন সুদিপ্ত। এরপর বাধ্য হয়ে গত ১১ নভেম্বর সকালে তাকে ৫০ হাজার টাকা নগদ ক্যাশ দেন। এখন শোনেন সুদিপ্ত উধাও। একইভাবে কোম্পানির দেনার কথা বলে হাসপাতাল গেটের জিহাদ ফার্মেসীর মালিক ইব্রাহিমের কাছ থেকে ৫০ হাজার, মা ফার্মেসীর রফিকের কাছ থেকে ২৫ হাজার, রাজাপুর সততা ফার্মেসীর হায়দার আলীর কাছ থেকে দেড় লাখ, লোকমান ফার্মেসীর রেজাউল ইসলামের কাছ থেকে ২৩ হাজার, স্কয়ার কম্পানির প্রতিনিধি ইব্রাহিমের কাছ থেকে ১০ হাজার, জান্নাতি ফার্মেসীর ওহিদুজ্জামানের কাছ থেকে ১০ হাজার,একমি কম্পানিতে কর্মরত স্বাধন বাবুর কাছে থেকে ২ লাখ ৫০ হাজার টাকাসহ শরণখোলার প্রায় শতাধিক ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা নগদ ক্যাশ নিয়ে পালিয়ে গেছে সুদিপ্ত। এব্যাপারে শরণখোলা উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ওলিউর রহমান রিপন বলেন, শরণখোলায় কর্মরত হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের মার্কেটিং রিপ্রেজেনটেটিভ সুদিপ্ত বিশ্বাস অনেক ব্যবসায়ী, কম্পানির প্রতিনিধি ও চিকিৎসকদের কাছ থেকে ১০ লাখ টাকার বেশি হবে এমন অ্যামাউন্ট নিয়ে গত রবিবার বিকালে পালিয়ে গেছে। এমন ঘটনা এই এলাকায় এর আগে কখনো ঘটেনি। তবে কোনো ব্যবসায়ী কাউকে লাভ ছাড়া টাকা ধার দেয়না। হয়তো সবাইকে লাভ দেবে এই প্রলোভন দেখিয়েই টাকা নিয়েছে। এঘটনায় ভুক্তভোগীদের সাথে কথা বলে থানা পুলিশকে অবহিত করে কিভাবে টাকা উদ্ধার করা যায় সেই চেষ্টা করা হবে। তবে,সবাইকে সাবধান হতে হবে যেনো এভাবে আর কাউকে প্রতারণার শিকার হতে না হয়। বিষয়টি নিয়ে বাগেরহাট জেলায় কর্মরত হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার আরিফুজ্জামান খানের সাথে কথা বললে তিনি বলেন, সুদিপ্ত প্রায় ৪ বছর ধরে ওখানে চাকরি করছেন। গত রবিবার বিকালে ও কাউকে না বলে কর্মস্থান থেকে পালিয়ে গেছে। তাছাড়া কম্পানি কখনো কারো কাছ থেকে টাকা ধার নেওয়া এক্সেপ্ট করেন না। তাই সুদিপ্ত যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের হয়তো বেনিফিট বা লাভাংশ দেওয়ার লোভ দেখিয়েই নিয়েছে। এর দায় কম্পানি নেবেন না। তার পরেও পর্যায়ক্রমে ওর বাড়ি ট্রেস করে বিষয়টি দেখা হবে বলেও জানান এই ম্যানেজার। বিষয়টি নিয়ে প্রতারক সুদিপ্ত’র ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে তা বন্ধ পাওয়া যায়। শরণখোলা থানার ওসি মো: শহিদুল্লাহ বলেন, এখন পর্যন্ত ভুক্তভোগীদের কাছ থেকে এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button