রূপসায় এক চায়ের দোকানদার খুনের মামলার আসামি পিবিআই’র হাতে গ্রেফতার

রূপসা প্রতিনিধি : রূপসায় মাংস বিক্রয়ের ৪০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকানদার দ্বীন মোহাম্মদ হত্যা মামলার আসামীকে গ্রেফতার করলো খুলনা পিবিআই। উল্লেখ্য, রূপসা উপজেলার আনন্দ নগর ভবানীপুর এলাকায় মৃত সেকেন্দার লস্করের পুত্র গত ১৭ মার্চ বিকালে আবুল খায়ের লস্কর (৫৫) তার মাংস বিক্রয়ের ৪০০ টাকা চাওয়া নিয়ে ভবানীপুর গ্রামের দ্বীন মোহাম্মদ ঢালীর সাথে কথাকাটাকাটি হয়। যার এক পর্যায়ে রাস্তার পাশে থাকা ইট উঠিয়ে আসামী আবুল খায়ের ভিকটিম দ্বীন মোহাম্মদকে মাথার সামনের বাম পাশে স্বজরে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম দ্বীন মোহাম্মদ ঢালী ঐদিন রাত্রে মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় রূপসা থানার মামলা নং-০৭, তারিখ: ১৮/০৩/২০২৬ খ্রিঃ, ধারা-৩০২ পেনাল কোড, জিআর নং-৩৭/২০২৬ রুজু হয়। আসামী আবুল খায়ের লস্কর ঘটনাস্থল হতে তখনই পালিয়ে যায়। আসামী আবুল খায়ের অত্যন্ত ধুরন্ধর এবং চালাক প্রকৃতির হওয়ায় সে কোন মোবাইল ফোন ব্যবহার করত না এবং নিজের পরিবার সহ এলাকার কারো সাথে কোন যোগাযোগ রাখত না। এমতাবস্থায় পিবিআই, খুলনার চৌকস দল দীর্ঘ ৩০ দিনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ভিকটিম দ্বীন মোহাম্মদ হত্যার আসামী আবুল খায়েরকে অদ্য ১৬ এপ্রিল রাতে যশোর জেলার কোতয়ালী থানাধীন উপশহর এলাকা হতে গ্রেফতার করে। আসামী আবুল খায়েরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানায়, আসামী গত ১৭ মার্চ ঘটনার পর থেকে ঘটনাস্থল হতে আত্মগোপনে চলে যায় এবং নড়াইল জেলায় ইটের ভাটায় কাজ করতে থাকে। পরবর্তীতে গত ১৩ এপ্রিল আসামী যশোর জেলার কোতয়ালী থানাধীন উপশহরের তার বড় ভাই আবুল বাশার লস্করের শ্যালিকা সেলিনা পারভীনের বাসায় আত্মগোপনে থাকে। গ্রেফতারকৃত আসামী আবুল খায়ের ভিকটিম দ্বীন মোহাম্মদকে ইট দিয়ে গুরুতর আঘাত করতঃ হত্যা করেছে মর্মে প্রাথমিকভাবে স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে। এ মামলার খুলনা পিবিআই-এর তদন্ত কর্মকর্তারা হলেন রেশমা শারমিন পিপিএম-সেবা, পুলিশ সুপার, সিবিআই ও মোঃ সোহানুর রহমান, এসআই (নিঃ), পিবিআই।



