খুলনা বিভাগের ১৬ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের টার্গেট

খুলনা মহানগরীতে ৯৩ হাজার ৭৮৮ শিশু
৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে
স্টাফ রিপোর্টার : হাম-রুবেলা সংক্রামক রোগ প্রতিরোধে সোমবার থেকে আগামী ১০ মে পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় খুলনা বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন এবং পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে রবিবার খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নাজমুল হক।
সভায় প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বলেন, হাম-রুবেলা ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। এ রোগ প্রতিরোধ করতে হলে সকলকে সচেতন হতে হবে এবং যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। প্রতিটি শিশুর জীবন গুরুত্বপূর্ণ, তারা আমাদের ভবিষ্যৎ। এই ক্যাম্পেইনে কোনো শিশু যেন বাদ না পড়ে সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখতে হবে।
তিনি আরও বলেন, অনেক শিশু টিকা নিতে ভয় পায়, ভয়ের কিছু নেই। অভিভাবকদের শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে হবে। হাম-রুবেলা টিকা প্রদানে মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুক্রবারের খুতবাহসহ অন্য নামাজের আগে এব্যাপারে প্রচার করার জন্য ইমামদের প্রতি আহবান জানান বিভাগীয় কমিশনার।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা অংশ নেন। হাম-রুবেলা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. আরিফ। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।
সভায় জানানো হয়, খুলনা বিভাগের ১০ জেলায় ১৬ লাখ ১১ হাজার ৭০২ শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিভাগে ১৪ হাজার ৯৩৬টি টিকা কেন্দ্রে দুই হাজার ২৯৪ জন টিকাদানকারী এবং ৭ হাজার ৭৫৪ জন ভলান্টিয়ার দায়িত্ব পালন করবে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। আজ সোমবার থেকে শুরু হতে যাওয়া হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হয়েছে। যাদের ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশু রয়েছে তারা।
খুলনা মহানগরীতে ৯৩ হাজার ৭৮৮ শিশুকে টিকা প্রদান করা হবে : এদিকে, খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে ৬ মাস থেকে ৫ বছরের নিচের ৯৩ হাজার ৭৮৮ শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে স্কুল শিশুর লক্ষ্যমাত্রা ১৩ হাজার ৩৮৮ এবং কমিউনিটি শিশুর লক্ষ্যমাত্রা ৮০ হাজার ৪০৪ জন। রোববার খুলনা সিটি কর্পোরেশনের নগর স্বাস্থ্য ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
অনুষ্ঠানে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমরা চাই টিকা প্রদান কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দিতে। ইতোমধ্যে সিটি কর্পোরেশন এলাকায় মাইকিং করা হচ্ছে। মসজিদের ইমামদের সাথে নিয়ে এব্যাপারে বৈঠক করা হয়েছে। হাম-রুবেলা টিকা প্রদান সম্পর্কে শুক্রবার নামাজের পূর্বে খুতবায় আলোচনা করবেন। একই সাথে প্রচারের জন্য মিডিয়ার বড় ভূমিকা রয়েছে। এই ক্যাম্পেইনে যেন কোন শিশুবাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। খুলনার শিশুদের হাম-রুবেলা থেকে নিরাপদ রাখতে গণমাধ্যমকর্মীদের প্রচার কার্যক্রম জোরদার করতে হবে। প্রশাসক কোথাও কোন দুর্বলতা সংবাদকর্মীদের নজরে আসলে খুলনা সিটি কর্পোরেশনকে অবহিত করার অনুরোধ করেন।
খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন। হাম-রুবেলা টিকা সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিশ^ স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. নাজমুর রহমান সজিব।
সভায় জানানো হয়, খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডে ২৫৬টি টিকা কেন্দ্রে ১৪৪ জন টিকাদানকর্মী, ২০৬ জন স্বেচ্ছাসেবী এবং ৬২জন প্রথম সারির সুপারভাইজার দায়িত্ব পালন করবে। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। হাম-রুবেলা সংক্রামক রোগ প্রতিরোধে আগামীকাল ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ তারিখ পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের নিচের (পূর্বে এমআর টিকা গ্রহণ করেছে এমন শিশুসহ) সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় খুলনা বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন এবং পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

