ফকিরহাটে চিংড়ীর পোনা (রেনু) জব্দের ৪ ঘণ্টা পর রহস্যজনকভাবে ছেড়ে দেয়ার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাটে অবৈধভাবে ধরে আনা ট্রাকভর্তি ৪০ ড্রাম বাগদা চিংড়ির রেনুপোনা আটকের ৪ ঘণ্টা পর রহস্যজনকভাবে ছেড়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। অবৈধ হিসাবে জব্দ হওয়ার পর আবার ট্রাকসহ চিংড়ীর পোনা আহরনকারীদের ছেড়ে দেওয়ার ঘটনা নিয়ে স্থানীয় জনমনে নানা প্রশ্ন ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানা গেছে, রবিবার (১৯ এপ্রিল) বেলা আড়াইটার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকা থেকে ট্রাকসহ বিপুল পরিমান চিংড়ী পোনা জব্দ করে পুলিশ। পরবর্তীতে ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহর উপস্থিতিতে কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। যাচাই প্রক্রিয়া শেষে রহস্যজনকভাবে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়। রেনু পোনার মালিক বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লারহাট রূপসা মাছের ডিপোর পরিচালক আজহার হোসেন টুটু জানান, তিনি কক্সবাজার থেকে প্রায় ১২ লাখ টাকা মূল্যের প্রায় ৭ লাখ বাগদা চিংড়ীর পোনা কিনে ট্রাকযোগে ফয়লারহাটে যাচ্ছিলেন। পথিমধ্যে ফকিরহাট থানা পুলিশ তার ট্রাকটি জব্দ করে। ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী এসআই মানিক রাজবংশী জানান: “জব্দ করার সময় রেনু বহনকারী মালিকপক্ষ কোনো ক্যাশমেমো দেখাতে পারেননি। তবে থানায় নিয়ে আসার প্রায় দুই ঘণ্টা পর তারা তিনটি ক্যাশমেমো উপস্থাপন করেন, যা পরে যাচাই-বাছাই করা হয়েছে।” কাগজপত্র নিয়ে খোদ প্রশাসনের মধ্যেই মতভেদ পরিলক্ষিত হয়েছে। ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ এ বিষয়ে সাংবাদিকদের বলেন “জব্দকৃত পোনার দুটি ক্যাশমেমো যাচাই-বাছাই করে সঠিক পাওয়া গেলেও অপর একটি ক্যাশমেমো সন্দেহজনক মনে হয়েছে।



