গত ২৪ ঘন্টায় ১ জনের মৃত্যু : শনাক্ত-৮২

# খুলনা বিভাগে হামের প্রাদুর্ভাব #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগের পরিচালক স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, বিভাগজুড়ে হামের সংক্রমণ পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় মোট ৮২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এবং খুলনায় ১ জন রোগী মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় সর্বোচ্চ ২৯ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। এছাড়া যশোরে ১৪ জন, খুলনায় ৮ জন, বাগেরহাটে ৪ জন, ঝিনাইদহে ৬ জন, মাগুরায় ৯ জন, মেহেরপুরে ৫ জন, সাতক্ষীরায় ৩ জন এবং চুয়াডাঙ্গা ও নড়াইলে ২ জন করে নতুন রোগী শনাক্ত হয়েছে। এসময়ে খুলনায় একজন সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে।
চলতি বছরের গত ১৫ মার্চ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত খুলনা বিভাগে মোট ২ হাজার ১৮৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৮১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১৪৯৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ জন এবং সন্দেহজনক হামে ১১ জনের মৃত্যু হয়েছে।
জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, কুষ্টিয়ায় সর্বোচ্চ ৬৮৭ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। এছাড়া যশোরে ৩৯৮ জন, খুলনায় ১৮৯ জন, মাগুরায় ৩০৩ জন, মেহেরপুরে ১৬২ জন, নড়াইলে ১০৮ জন, সাতক্ষীরায় ৯১ জন, বাগেরহাটে ৯৫ জন, ঝিনাইদহে ১০১ জন এবং চুয়াডাঙ্গায় ৪৯ জন সন্দেহজনক রোগী পাওয়া গেছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে এবং জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি জোর দেওয়া হয়েছে।

