স্থানীয় সংবাদ

স্বামীর সাথে মেয়ের বাড়ি বেড়াতে যাওয়া হলো না তার…

ঝিনাইদহ প্রতিনিধি ঃ কুষ্টিয়া থেকে স্বামীর সঙ্গে ঝিনাইদহ শহরে মেয়ের বাড়িতে বেড়াতে আসার পথে ট্রাক চাপায় শাম্মী আক্তার (৪০) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের শহরের আরাপপুর জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাম্মী আক্তার কুষ্টিয়া জেলার মিনাপাড়ার মিজানুর রহমানের স্ত্রী। ঝিনাইদহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আব্দুর রাজ্জাক জানান, কুষ্টিয়া থেকে মোটরসাইকেলযোগে স্ত্রী শাম্মী আক্তার তার স্বামীর সঙ্গে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ শহরের আরাপপুর জামতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। সেসময় পিছন থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শণাক্তের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button