বিদেশ পাঠানোর নামে প্রতারণা প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

যশোর ব্যুরো : যশোরের ঝিকরগাছায় বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
রোববার ২৬ এপ্রিল বেলা ১১টার দিকে উপজেলার চান্দা গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ ইমামুল হাসান (৩২) কায়েমখোলা বড় কুলি গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়,শিমুল হাসান (৩২) নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইমামুল হাসানকে বিদেশে পাঠানোর কথা বলে বিভিন্ন সময়ে তার কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নেয়। রোববার তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে আরও ২ লাখ টাকা দাবি করে। এ সময় ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত শিমুল হাসান দা দিয়ে তার মাথায় কোপ দেয়, এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



